লক্ষ্মীপুরের রামগঞ্জে ডাব চুরির অভিযোগে ইয়াছিন হোসেন (১০) নামের এক শিশুকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। গতকাল বুধবার চন্ডিপুর ইউনিয়নের মাসিমপুর বাংলা বাজারে একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে। নির্যাতিত ইয়াছিন একই এলাকার থানা বাড়ির তোতা মিয়ার ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শিশুর মা মিলন বেগম বাদি হয়ে মামলা দায়ের করেছেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার উপজেলার মাসিমপুর গ্রামের আব্দুছ সালাম পাটোয়ারীর গাছ থেকে শিশুটি দু’টি ডাব চুরি করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার সকালে শিশুটিকে বাড়ি থেকে তুলে বাজারে এনে কয়েকজন মিলে লাঠি দিয়ে মারধর করে। খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। শিশু নির্যাতনের অপরাধে ঘটনাস্থল থেকে দেলোয়ার হোসেন, আব্দুছ সালাম পাটোয়ারী ও দেলোয়ার খাঁনসহ তিনজনকে আটক করে পুলিশ।
রামগঞ্জ থানার ওসি তোতা মিয়া জানান, শিশুটিকে উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়।

