ডাক্তার ও নার্সের অবহেলায় প্রসূতির মৃত্যু

S M Ashraful Azom
মেহেরপুরের গাংনীতে ডাক্তার ও নার্সের অবহেলায় মানছুরা (৩০) নামে এক প্রসুতি মৃত্যু হয়েছে। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে গাংনী হাসপাতালে মৃত্যু হয় তার। স্বজনদের অভিযোগ কর্তব্যরত ডাক্তার ও নার্সের অবহেলার কারনে রোগীর মৃত্যু হয়েছে। মানছুরা খাতুন তেরাইল গ্রামের দিনমজুর মহিবুল ইসলামের স্ত্রী।
এ ঘটনায় এলাকাবাসি বিকাল থেকে রাত ৯ টা পর্যন্ত হাসপাতাল চত্ত্বর ঘিরে বিক্ষোভ মিছিল করে। পরে গাংনী থানার ওসি আকরাম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে।
গৃহবধু মানছুরার  মৃত্যকে কেন্দ্র করে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমানকে প্রধান করে একটি তদন্ত দল গঠন করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে তদন্ত দল কর্তব্যরত ডাক্তার ও নার্সের অবহেলা রয়েছে কিনা ক্ষতিয়ে দেখে প্রতিবেদন জমা দেবেন। প্রতিবেদনে ডাক্তার ও নার্সের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দলের প্রধান ডাঃ মিজানুর রহমান।
মানছুরার পরিবারের সদস্যরা অভিযোগ করেন, বাচ্চা প্রসবের জন্য শনিবার ভোরে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় মানছুরাকে। কিন্তু দিনভর প্রসব বেদনায় ছটফট করলেও কর্তব্যরত ডাক্তার তাকে দেখতে আসেনি। মৃত্যু যন্ত্রণায় ছটফট করলেও কর্তব্যরত চিকিৎসক আলাউদ্দীন আল আজাদ ও সাইদা নাসরিন অসহায় রোগীর প্রতি চরম অবহেলা দেখিয়েছেন। আর চিকিৎসা সেবা না পেয়ে পেটের বাচ্চাসহ মানছুরার মৃত্যু হয়েছে।
নিহত মানছুরার স্বজনদের অভিযোগ, বারবার ডাক্তার ও নার্সের শরনাপন্ন হলেও চিকিৎসা সেবায় এগিয়ে আসেনি কেউ।
এদিকে অভিযুক্ত নার্স ও ডাক্তারের বিচারের দাবিতে হাসপাতালের সামনে লাশ নিয়ে সন্ধ্যা রাত ৯ টা পর্যন্ত অবস্থান করে মানছুরার পরিবারের সদস্যরা।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিসারের অফিস কক্ষে এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। জরুরী বৈঠকে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান, গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইদুজ্জামান খোকন, গাংনী থানার ওসি আকরাম হোসেন, ওসি (তদন্ত) মোকতার হোসেন, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ খোকন রেজাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তদন্ত টীম গঠিত হয়।
এব্যাপারে সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান জানান, ওই সময় কর্তব্যরত ডাক্তার ও নার্সসহ দায়িত্বশীলরা অবহেলা করেছে কিনা সেটা তদন্ত করে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। দোষী প্রমানিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।
গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইদুজ্জামান খোকন জানান, সিভিল সার্জনের অনুরোধে ৭ দিন সময় দেয়া হলো। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে হত্যার অভিযোগে মামলা করা হবে।
এদিকে গৃহবধুর মুতদেহ নিয়ে হাসপাতাল চত্তরে উত্তেজনা সৃষ্টি হলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মৃতদেহ স্বজনরা নিয়ে গেছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top