এবার সরকারি কলেজ শিক্ষকদের কর্মবিরতি

S M Ashraful Azom
স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি পালনসহ চলমান আন্দোলনের মধ্যে এবার কর্মবিরতি পালন করেছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। সমপ্রতি মন্ত্রিসভায় অনুমোদিত অষ্টম বেতন কাঠামোয় সিলেকশন গ্রেড বাদ দেয়ার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার তারা সংশ্লিষ্ট কলেজে এই কর্মবিরতি পালন করেন। এদিকে, পূর্ব ঘোষণা ছাড়া এভাবে কর্মবিরতি পালন করায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
 
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ডাকে গতকাল দেশের ৩০৭টি সরকারি কলেজে পূর্ণদিবস কর্মবিরতি পালিত হয়। এতে সকালেই কলেজগুলোতে শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যায়।
 
ঢাকা কলেজের শিক্ষার্থী রফিকুল জানান, অন্যদিনের মতো ক্লাসে এসেছিলাম। কিন্তু শিক্ষকরা ক্লাস নেননি। আগে না জানার কারণে সাভার থেকে এসেও ফিরে যেতে হচ্ছে।
 
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মহাসচিব আই কে সেলিমউল্লাহ খন্দকার সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের ক্ষতি হবে এমন কোন কর্মসূচি দেব না। অতীতে আমরা শুক্রবারও ক্লাস নিয়েছি। কর্মসূচির কারণে ক্লাস না হলে অন্য সময়ে ক্লাস নিয়ে তা পুষিয়ে নেব।
 
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতারা জানান, সিলেকশন গ্রেড বাতিল করার মধ্য দিয়ে সরকারি কলেজ শিক্ষকদের সঙ্গে অন্য ক্যাডারের যে বৈষম্য সৃষ্টি হয়েছে, তা কোনো অবস্থায় মেনে নেয়া যায় না। সিলেকশন গ্রেড না থাকায় অধ্যাপকরা চতুর্থ গ্রেড থেকে অবসরে যাবেন, এতে অন্য ক্যাডারের কর্মকর্তারা উচ্চ পদগুলোতে আসবেন। এটি শিক্ষকদের সঙ্গে প্রতারণার সামিল।                দু’ দিন পূর্ণদিবস কর্মবিরতি পালনের ঘোষণা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের
 
অষ্টম জাতীয় বেতন কাঠামোয় নিজেদের মর্যাদাসহ চার দফা দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামী ১৩ ও ১৭ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। তবে এ দু’দিন ক্লাস বন্ধ থাকলেও পরীক্ষা আওতামুক্ত থাকবে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের প্রোভোস্টের কক্ষে ফেডারেশনের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে গত মঙ্গলবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
 
বেসরকারি শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করায় শোভাযাত্রা
 
বেসরকারি শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করায় স্বাধীনতা শিক্ষক পরিষদ দেশব্যাপী আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করেছে। এরই অংশ হিসেবে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সুজিত্ নন্দী রায়, অধ্যক্ষ এম.এ আউয়াল সিদ্দিকী, প্রফেসর সাজিদুল ইসলাম, অধ্যক্ষ শাহাদাত্ হোসেন রানা, উপাধ্যক্ষ মোশারফ হোসেন প্রমুখ।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top