![]() |
| ৯ বছরেও শেষ হয়নি ১৫৩ কোটি টাকার জামালপুর হাইটেক পার্ক, থমকে হাজারও তরুণের স্বপ্ন |
৯ বছরেও শেষ হয়নি ১৫৩ কোটি টাকার জামালপুর হাইটেক পার্ক, থমকে হাজারও তরুণের স্বপ্ন
জামালপুর জেলার তরুণদের প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি ও ডিজিটাল অর্থনীতির গতি ত্বরান্বিত করার লক্ষ্যে ২০১৭ সালে হাত নেওয়া ১৫৩ কোটি টাকার হাইটেক পার্ক প্রকল্পের কাজ দীর্ঘ ৯ বছরেও আলোর মুখ দেখেনি। নির্ধারিত সময়সীমা বহু আগেই পার হলেও প্রকল্পটির ভৌত অগ্রগতি হয়েছে মাত্র ৪০ শতাংশ।
(ads1)
তথ্য অনুযায়ী, জামালপুর জেলা শহরের মুকুন্দবাড়ী এলাকায় প্রায় ৫ দশমিক ২৩ একর জমিতে 'জামালপুর হাইটেক পার্ক' গড়ার উদ্যোগ নেওয়া হয়। ভারত সরকারের অর্থায়নে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সার্বিক সহযোগিতায় ২০১৭ সালের জুলাইয়ে প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ২০২৪ সালের ৩০ জুনের মধ্যে পার্কের পুরো নির্মাণকাজ শেষ করার কথা থাকলেও নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি।
প্রকল্প এলাকা ঘুরে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘ সময় অতিবাহিত হলেও ভবনের মূল অবকাঠামোগত কাজ পুরোপুরি শেষ না হওয়ায় হতাশ স্থানীয় তরুণ সমাজ ও শিক্ষিত বেকার গোষ্ঠী। পার্কটি চালু হলে সরাসরি ৩ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থানের পাশাপাশি বছরে প্রায় এক হাজার শিক্ষার্থীকে উচ্চতর আইটি প্রশিক্ষণ দেওয়া সম্ভব হতো। কিন্তু দীর্ঘসূত্রতার কারণে জেলার হাজার হাজার সম্ভাবনাময় তরুণের স্বপ্ন এখনো অনিশ্চয়তার মুখে ঝুলে রয়েছে।
স্থানীয় শিক্ষার্থীরা জানান, সফটওয়্যার উন্নয়ন, ফ্রিল্যান্সিং, আইটি সেবা ও প্রযুক্তিভিত্তিক উদ্যোক্তা তৈরিতে পার্কটি অনুঘটক হিসেবে কাজ করবে। তাই প্রকল্পের মেয়াদ আর না বাড়িয়ে তদারকি জোরদার করে দ্রুত কাজ শেষ করা আবশ্যক।
আরও পড়ুন:
- দেওয়ানগঞ্জ সীমান্তে প্রাইভেটকারে ২১৫ বোতল ভারতীয় মদ, চালক ও ক্রেতাসহ আটক ২
- বকশীগঞ্জ সীমান্তে ৩৫ বিজিবির অভিযান, দুই লাখ টাকার মাদকসহ আটক ১
- ইসলামপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিময় পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন
- স্ত্রীর যৌতুক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি আশুলিয়া থেকে গ্রেপ্তার
- ইসলামপুরে সাংগঠনিক কাঠামো জোরদারে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা
গত ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পরবর্তী প্রেক্ষাপটে কিছু দিন পার্কের নির্মাণকাজ থমকে থাকলেও বর্তমানে তা আবার নতুন করে পুরোদমে শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একই সাথে কাজ সমাপ্ত করার নতুন সময়সীমা ২০২৮ সাল পর্যন্ত বাড়ানোর জন্য প্রশাসনিক আবেদন করা হয়েছে।
প্রকল্পটির অগ্রগতি সম্পর্কে জামালপুর হাইটেক পার্কের উপ-সহকারী প্রকৌশলী মো. মনোয়ার হোসেন জানান, "দেশের রাজনৈতিক পটপরিবর্তনের কারণে মাঝে কিছু দিন নির্মাণকাজে স্থবিরতা এসেছিল। তবে বর্তমানে আবার পুরোদমে কাজ শুরু হয়েছে। এখন পর্যন্ত সামগ্রিক কাজের ৪০ শতাংশ অগ্রগতি হয়েছে। আশা করছি ২০২৮ সালের মধ্যে মূল কাজ সম্পন্ন করে প্রকল্পটি হস্তান্তরের উপযোগী করা যাবে।"
(ads2)
প্রকল্প তদারকি নিয়ে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম জানান, "জামালপুরের জন্য এটি একটি অত্যন্ত সম্ভাবনাময় আইসিটি প্রকল্প। পার্কটির দ্রুত নির্মাণকাজ নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকেও সার্বিক নজরদারি ও তদারকি করা হচ্ছে। এটি চালু হলে উত্তরাঞ্চলের এই জেলায় প্রযুক্তিনির্ভর নতুন কর্মসংস্থানের পথ উন্মোচিত হবে।"







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।