নতুন আইফোন মানেই প্রযুক্তি প্রেমীদের মধ্যে উন্মাদনা আর দোকানের সামনে লম্বা লাইন। নতুন মডেলের জন্য এবার অপেক্ষা শেষ হচ্ছে। আজ নতুন আইফোনসহ বেশ কয়েকটি অ্যাপল পণ্যের নতুন সংস্করণ ছাড়া হবে বলেই আভাস পাওয়া যাচ্ছে।
বিভিন্ন প্রযুক্তি বিষয়ক সাইটের খবর, এবার নতুন তিনটি আইফোন বাজারে ছাড়তে পারে অ্যাপল। শুধু আইফোনই না তালিকায় রয়েছে নতুন আইওএস ৯, স্মার্ট ওয়াচের নতুন সফটওয়্যার ওয়াচ ওএস ২, নতুন অ্যাপল টিভি ও বড় আকারের একটি আইপ্যাড।
কেমন হতে পারে নতুন আইফোন, এই গুজব নিয়ে প্রযুক্তি বিশ্ব এখন সরগরম। তবে একটি বিষয় নিশ্চিত যে নতুন আইফোন হবে আগের যে কোন মডেলের চেয়ে শক্তপোক্ত। নতুন আইফোনের কাঠামোতে এবার অ্যালুমিনিয়ামের সাথে জিংক ব্যবহার করা হতে পারে। এর আগের মডেলের আইফোন বেঁকে যাওয়া নিয়ে কেলেঙ্কারির মুখে পড়ে অ্যাপল।
এছাড়াও ফোরকে রেজুলেশনে ভিডিও ধারণ করতে সক্ষম ২০ মেগাপিক্সেল ক্যামেরাও থাকতে পারে বলে রয়েছে জোর গুঞ্জন। তবে ডিজাইনে বড় ধরণের কোন পরিবর্তন আশা করছেন না প্রযুক্তি বিশ্লেষকরা।
নতুন ফোনের সাথে ১২.৯ ইঞ্চি আকারের আইপ্যাড প্রো বাজারে আসার কথা রয়েছে বলেও জানিয়েছে সাইটগুলো। তবে এই খবরটি এখনো নিশ্চিত নয়। সূত্র: ম্যাশেবল

