অল্প পরিসরের চাষাবাদ করতে প্রতিকুল আবহাওয়া অতিবৃষ্টি, খরাসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে রেহাই পেতে ব্যাগ গার্ডেনিং বা থলে চাষাবাদ পদ্ধতি ব্যবহার করা যায়। এর জন্য তেমন বেশি কিছু প্রয়োজন হয় না। প্রথমে একটি বড় ধরনের সিনথেটিক বস্তা নিতে হবে। এরপর পরিমাণ মতো জৈবসার মিশিয়ে মাটি প্রস্তুত করে নিতে হবে। মাটিতে অধিক সময় পানি ধরে রাখার জন্য বস্তার নিচে তিন-চার কেজি শুকনো পাতা বা খড় বিছিয়ে দিতে হবে। এরপর প্রস্তুত করা মাটি দিতে হবে বস্তায়। মাটি যেন জমাট বাঁধতে না পারে সে জন্য বস্তার ঠিক মাঝখানে উপর থেকে নিচ পর্যন্ত ২০ থেকে ৪০ মিমি মাপের ইটের টুকরা বা খোয়া দিতে হবে। খোয়াগুলো ভালোভাবে বসানোর জন্য একটি পিভিসি পাইপ ব্যবহার করা যেতে পারে। কাজ শেষে পাইপটি অবশ্যই খুলে ফেলতে হবে। বীজ বপন করে চাষ করতে পারেন। তবে চারা তৈরি করে লাগিয়ে দেয়াই ভালো। প্রাথমিক অবস্থায় দৈনিক ১৮ লিটার পানি সেচ করতে হবে। পরে সকাল-বিকাল তিন লিটার করে সেচ দিলেই হবে। আবার যখন বৃদ্ধি হবে তখন দু-তিন দিন পানি না দিলেও সমস্যা হবে না। আমাদের দেশে যেখানে জনসংখ্যার বিপরীতে বসবাসের জায়গা কম, সেখানে ব্যাগ গার্ডেনিং বা থলে চাষাবাদ পদ্ধতি কার্যকর ভূমিকা রাখতে পারে। ছাদে, বারান্দায় আঙিনায়- সর্বত্রই এ পদ্ধতিতে ব্যবহার করা যাবে।

