স্যামসাংকে হয়তো কিছু ফোন মার্কিন বাজার থেকে তুলে নিতে হবে, কারণ প্রতিদ্বন্দী প্রতিষ্ঠান অ্যাপল একটি আপিলে স্যামসাংয়ের কিছু ফোন বিক্রির উপর স্থগিতাদেশের আপিলে জিততে যাচ্ছে ।
২০১২ সালে অ্যাপল একটি অভিযোগ দায়ের করে যে স্যামসাং তাদের কিছু ফোনে কোনো অনুমতি ছাড়াই তাদের আবিষ্কৃত কিছু ফিচার ব্যবহার করছে। ফিচারগুলো হচ্ছে যেমন- টেক্সট অটো কারেক্ট, স্লাইড করে ফোন আনলক করা এবং টেক্সটকে হাইপারলিঙ্কে পরিণত করা ইত্যাদি। ২০১৪ সালে এই আপিলের বিপক্ষে রায় আসে এবং স্যামসাংকে ১২০ মিলিয়ন ডলার জরিমানা দিতে হয়। অ্যাপল এই আপিলে জেতার পরে আবার আর্জি জানিয়ে ছিলো উক্ত ফিচার সংবলিত ফোনগুলো যাতে মার্কেট থেকে তুলে নেয় স্যামসাং। তখন আদালত সেই আবেদন খারিজ করে দিলেও বর্তমানে এই রায়ের রিভিউয়ের দায়িত্ত্বে থাকা তিন জন বিচারকের দুই জন মনে করেন স্যামসাংয়ের এই ফিচার সংবলিত মোবাইলগুলো বিক্রির উপর স্থগিতাদেশ দেওয়া উচিত।
তবে স্থগিতাদেশ জারি করা হলেও স্যামসাংয়ের খুব একটা ক্ষতি হবে না। আলোচ্য এই মামলায় ২০১২ সালের স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোন স্যামসাং এস থ্রি এর উপরই আসবে যা এখন বাজারে নেই বললেই চলে। এছাড়া এই প্রযুক্তিগুলোর উপর বিভিন্ন হালনাগাদ এনে স্যামসাং নিজের প্যাটেন্টও প্রতিষ্ঠা করেছে। ভিলানোভা ইউনিভার্সিটির আইনের অধ্যাপক মাইকেল রিশ বলেন, অ্যাপল সব দিক দিয়েই জিতেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে তাতে স্যামসাংয়ের কোনো ক্ষতিই হবে না। বিবিসি

