চট্টগ্রাম বন্দরে আটক আরো একটি ড্রামে তরল কোকেনের অস্তিত্ব পাওয়া গেছে। ঢাকায় মাদকদ্রব্য অধিদপ্তরের পরীক্ষাগারে রাসায়নিক পরীক্ষার পর আটক ১০৭টি ড্রামের মধ্যে ৫৯ নম্বরটিতে কোকেনের অস্তিত্ব পাওয়া যায়। এই পরীক্ষার প্রতিবেদন গতকাল বুধবার মামলার তদন্ত সংস্থা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে এসে পৌঁছেছে। মামলার তদন্ত কর্মকর্তা এসি ডিবি (উত্তর) মো. কামরুজ্জামান ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে আটক ড্রামের মধ্যে ৯৬ নম্বরটিতেও তরল কোকেনের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। ঢাকায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিআইডি’র ফরেনসিক ল্যাব ও আর্মড ফোর্সেস ফুডস অ্যান্ড ড্রাগ টেস্টিং ল্যাবে পরীক্ষার পর ৯৬ নম্বর ড্রামে তরল কোকেনের অস্তিত্ব নিশ্চিত হওয়া যায়। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৫৯ নম্বর ড্রামেও কোকেন থাকতে পারে বলে তাদের পর্যবেক্ষণে উল্লেখ করেছিল। পরবর্তীতে গত ২৭ আগস্ট ড্রামটি পুনর্পরীক্ষার জন্য আদালতে আবেদন করা হয়। ৩০ আগস্ট শুনানি শেষে আদালত ৫৯ নম্বর ড্রামটি থেকে ফের নমুনা সংগ্রহ করার নির্দেশ দেয়। নমুনা সংগ্রহ করে গত ৬ সেপ্টেম্বর আদালতে উপস্থাপন করা হলে বিচারক তা পরীক্ষার জন্য মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে প্রেরণ করার নির্দেশ দেন।
গত ৮ জুন চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেল ঘোষণা দিয়ে আমদানি করা ১০৭টি ড্রাম আটক করা হয়। ড্রামগুলোতে তরল কোকেন রয়েছে পুলিশের দেয়া এমন তথ্যের ভিত্তিতে তা আটক করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

