এখন থেকে দেশে কার্যরত সব ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান এক সেকেন্ডেই বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) রিপোর্ট পাবে।
বাংলাদেশ ব্যাংকের নিজস্ব উদ্যোগে নিজস্ব জনবল দ্বারা প্রস্তুতকৃত সিআইবি অনলাইন সল্যুশনের মাধ্যমে সিআইবি সংক্রান্ত যাবতীয় সার্ভিস চালু করেছে। নতুন এ উদ্যোগের ফলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং বিদেশি ভেন্ডরের ওপরও নির্ভরশীলতা থাকছে না।
এ ছাড়া, আগের তুলনায় অনেক কম সময়ে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সিআইবি রিপোর্ট নিতে সক্ষম হবে। সেই সঙ্গে বিজনেস সংক্রান্ত যেকোনো পরিবর্তনের ক্ষেত্রে সময় ও অর্থেরও সাশ্রয় হবে। আগের তুলনায় অধিকতর তথ্য সমৃদ্ধ ও ব্যবহার বান্ধব এবং আগের সল্যুশনের অনেক সীমাবদ্ধতা নতুন ব্যবস্থায় দূর করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে বিদেশি সফটওয়্যার ব্যবহার করে এ কাজ করা হতো।

