পুঁজিবাজারে রবিবার বড় ধরনের দরপতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য সূচক ৪২ পয়েন্ট কমেছে। লেনদেনকৃত ৩২২টি কোম্পানির মধ্যে ২৩৮টি কোম্পানির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে। অর্থাত্ লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে ৭৪ শতাংশ কোম্পানিরই শেয়ারদর কমেছে।
বাজারে সূচক কমার পাশাপাশি লেনদেনও অনেক কমে গেছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৩৩৬ কোটি টাকা। যা গত সাড়ে তিন মাসের মধ্যে সর্বনিম্ন।
আইডিএলসির বাজার বিশ্লেষণে বলা হয়েছে, বিনিয়োগকারীদের মধ্যে বিক্রির প্রবণতা বেড়ে যাওয়ায় দরপতন হয়েছে। বাজারে গ্রামীণফোনের দর সংশোধন অব্যাহত ছিল। এ ছাড়া, প্রায় সব খাতেই দরপতন হয়েছে।
তথ্যে দেখা গেছে, ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৪২ পয়েন্ট কমে ৪ হাজার ৮১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্য সূচক ১৬ পয়েন্ট কমে ১ হাজার ৮৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৩৬ কোটি ৮০ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে ৮৭ কোটি ৪৩ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩২২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৯টির, কমেছে ২৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ারের।
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ১০৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২২ কোটি ৪৮ লাখ টাকা। লেনদেনকৃত ২৩৬টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৪১টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারের।
ডিএসই জানিয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ইবনেসিনার এক উদ্যোক্তা তার হাতে থাকা কোম্পানিটির সব শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
আয়েশা জেরিন নামের এ উদ্যোক্তা তার হাতে থাকা ইবনেসিনার ২৪ হাজার ৯৪৮টি শেয়ারের সব শেয়ার বিক্রি করবেন। ২৯ অক্টোবরের মধ্যে তিনি শেয়ার বিক্রয় সম্পন্ন করবেন।
এ দিকে, শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এক মনোনীত পরিচালক রাশেদ আহমেদ। আগামী ২৯ অক্টোবরের মধ্যে তিনি শেয়ার ক্রয় সম্পন্ন করবেন। তিনি ব্যাংকটির ২ লাখ শেয়ার ক্রয় করবেন।
এ ছাড়া, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মতিন স্পিনিং মিলস লিমিটেডের স্বতন্ত্র পরিচালক এম ফরহাদ হোসাইন ১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

