জয়পুরহাট শহীদ ডা: আবুল কাশেম ময়দানে অনুষ্ঠিত ৩ দিন ব্যাপী জেলা উন্নয়ন মেলা-২০১৫ ঐতিহাসিক গম্ভীরা আয়োজনের মধ্য দিয়ে গতকাল বুধবার শেষ হয়েছে।
জেলা উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি। জেলা প্রশাসক মো. আব্দুর রহিম সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম সোলাইমান আলী ।
৩ দিন ব্যাপী আয়োজিত জেলা উন্নয়ন মেলায় জেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের ৩৬ টি স্টল স্থান পায়। স্টলগুলোতে নিজ নিজ বিভাগ তাদের উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরে অডিও ভিডিও প্রদর্শন করেন। মেলা প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত দর্শকের জন্য খোলা ছিল।
জেলা উন্নয়ন মেলায় শ্রেষ্ঠ স্টল নির্বাচিত হয় প্রাথমিক শিক্ষা বিভাগ, যৌথভাবে দ্বিতীয় হয় পুলিশ বিভাগ ও জেলা পরিষদ এবং তৃতীয় স্থান পায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এ ছাড়াও কুইজ প্রতিযোগিতা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
অনুষ্ঠানের শেষে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা সাধারণ গানের পর চাপাইনবাবগঞ্জের ঐতিহাসিক গম্ভীরা পরিবেশন করে। এতে নানার অভিনয় করে রনি এবং নাতীর অভিনয় করে তানভীর। এ ছাড়াও সমাপনী অনুষ্ঠানে দেশাত্ববোধক সঙ্গীত পরিবেশন করে পিউলী, অর্পিতা, শান্তনা, ঝুমুর ও বেবী।
গম্ভীরার মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

