জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন
মুহম্মদ এরশাদ বলেছেন, ইতালি ও জাপানি নাগরিক হত্যার ঘটনায় বিদেশিরা যে
'রেড এলার্ট' দিয়েছে তা জাতির জন্য লজ্জাকর। রবিবার দলের বনানী কার্যালয়ে
রংপুর জেলা জাতীয় পার্টির নেতাকর্মীদের মতবিনিময় সভায় প্রধান অতিথির
বক্তব্যে তিনি এ কথা বলেন।
এরশাদ
বলেন, দেশে গণতন্ত্র নেই। মানুষ গণতন্ত্রের কথা বলতে পারে না। জাপা
চেয়ারম্যান বলেন, আগামীতে যে নির্বাচন হবে জাতীয় পার্টি তাতে এককভাবে অংশ
নেবে। প্রত্যেকটি আসনেই জাতীয় পার্টি প্রার্থী দেবে। সে জন্য নেতাকর্মীদের
প্রস্তুত থাকতে হবে। এরশাদ বলেন, কেউ আমাদের বন্ধু না। আমাদের বন্ধু আমরাই।
দুর্বলের সঙ্গে কেউ বন্ধুত্ব করে না। আমরা সবল হলে সবাই আমাদের সঙ্গে
বন্ধুত্ব করবে। এখন সুযোগ এসেছে। এ সুযোগ কাজে লাগাতে হবে। জাতীয় পার্টিকে
শক্তিশালী করতে হবে।
এরশাদ
বলেন, দেশের বাইরে অনেক সম্মান পেয়েছি। বাংলাদেশের মানুষও আমাদের সম্মান
করেছে। কিন্তু কোনো সরকারই আমাদের মূল্যায়ন করেনি। কারও কাছে আমরা সম্মান
পাইনি। তিনি এ সময় দলের নেতাকর্মিদের উদ্দেশ্যে বলেন, 'তোমরা শক্তি সঞ্চয়
করো, সংগঠনকে শক্তিশালী করো। সবাই আমাদের পেছনে ঘুরবে।
এ
সময় জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, রাজনৈতিক ইতিহাস
আমাদের একটা সুযোগ তৈরি করে দিয়েছে। সেটা পরিবর্তনের সুযোগ। মানুষ এখন আর
আওয়ামী লীগ-বিএনপিকে চায় না। দলকে শক্তিশালী করতে পারলে আগামীতে আমরাই
ক্ষমতায় আসবো। এ জন্য রংপুর অঞ্চলের সবক'টি আসন আমাদের নিশ্চিত করতে হবে।
আমরা খুব শিগগিরই পাঁচটি জেলার সম্মেলন করবো। দলকে আরো শক্তিশালী করে
নির্বাচনের জন্য প্রস্তুত করবো।
তিনি
বলেন, উড়াল সেতু-পদ্মা সেতুসহ অনেক কিছু হয়েছে। কিন্তু মানুষের জীবনের
নিরাপত্তা নিশ্চিত হয়নি। বিদেশিরাও নিরাপদ নয়। মানুষের কল্যাণে কাজ করতে
হলে প্রশাসনকে দলের বাইরে আসতে হবে। সাবেক মন্ত্রী জিএম কাদের বলেন, দেশে
যে অস্থিতিশীল অবস্থা, এর মধ্যে একটা পরিবর্তন হবে। কোনো কোনো রাজনৈতিক দল
বিলীনও হবে। ওই সময়টা কাজে লাগাতে হবে।

