চীনের রাজধানী বেইজিংয়ে গত ৯ অক্টোবর ‘ইউনূস সামাজিক ব্যবসা সপ্তাহ, চীন’ উদ্বোধন করেন শান্তিতে নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস। সোমবার ইউনূস সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, অধ্যাপক ইউনূস বেইজিং থেকে কুনমিং, সাংহাই, শেনজেন ও হংকং সফর করবেন। প্রতিটি শহরেই তিনি সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতা ও সিভিল সোসাইটির কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখবেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উদ্দেশে তিনি সামাজিক ব্যবসা ও টেকসই বিশ্ব গড়ে তোলা নিয়েও ভাষণ দেবেন। ইউনূস সামাজিক ব্যবসা সপ্তাহের উদ্বোধনী ভোজসভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ব্যবসায়ী নেতা এবং ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অধ্যাপক ইউনূস অনুষ্ঠানে তার বক্তব্যে বিশ্বব্যাপী, বিশেষ করে চীনে সামাজিক ব্যবসা কর্মকাণ্ডের ওপর জোর দেন। গ্রামীণ চায়নার প্রধান নির্বাহী গাও ঝান সংক্ষেপে প্রতিষ্ঠানটির উদ্দেশ্য ও আদর্শ সম্পর্কে বক্তব্য রাখেন। গ্রামীণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক এইচ আই লতিফী ১৯৯০ সাল থেকে চীনে গ্রামীণ ট্রাস্টের কর্মকাণ্ড ও অগ্রগতি তুলে ধরেন। সপ্তাহব্যাপী এই অনুষ্ঠানের মূল বিষয়- বেকারত্ব মোকাবিলা, যাতে মানুষ, বিশেষ করে যুব সমাজ চাকরির পেছনে না ছোটে বরং নিজেরাই চাকরির সুযোগ সৃষ্টি করে।

