সাফল্য না পেলে এক বছরের মধ্যে বন্ধ হবে ব্ল্যাকবেরি স্মার্টফোন

S M Ashraful Azom
এক সময়ের জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড ব্ল্যাকবেরি যেন নিজেদের হারিয়ে খুঁজছে। কানাডার এই মোবাইল হ্যান্ডসেট নির্মাতা কোম্পানি গত কয়েক বছর ধরেই স্মার্টফোনের বাজারে নিজেদের পায়ের নিচে মাটি খুঁজে পাচ্ছে না। এর মধ্যেই সম্প্রতি তারা বাজারে তাদের নতুন ফোন ব্ল্যাকবেরি ‘প্রাইভ’ (প্রাইভেসি শব্দের সংক্ষিপ্ত রূপ) বাজারে নিয়ে আসার ঘোষণা দিয়েছে।
তবে সর্বশেষ খবর হলো—আগামী এক বছরের মধ্যে লাভের মুখ না দেখলে ব্ল্যাকবেরি বন্ধ করে দিবে তাদের স্মার্টফোন ব্যবসা। ব্ল্যাকবেরির সিইও জন চেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত কোড মোবাইল কনফারেন্সে এই কথা বলেন। পাশাপাশি অবশ্য তিনি তাদের নতুন ফোনের সাফল্যের বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘ব্ল্যাকবেরি এখনও স্মার্টফোনের বাজারে রয়েছে কারণ এই বাজারে নতুন কিছু যুক্ত করার জায়গা এখনও রয়েছে।
বিশেষ করে এখনও ব্যবসায়িক কাজে ব্যবহূত স্মার্টফোনে সুরক্ষার বিষয়টি নিয়ে কাজ করার সুযোগ রয়েছে যা নিয়ে খুব বেশি প্রতিষ্ঠান কাজ করছে না। এই জায়গাটিতে গুরুত্ব দিয়েই আমাদের নতুন ফোন ডিজাইন করা হয়েছে। ফলে তথ্যের সুরক্ষা নিয়ে যারা চিন্তিত, ব্ল্যাকবেরির নতুন ফোনটি তাদের পছন্দের তালিকায় স্থান করে নিতে পারে।’
ব্ল্যাকবেরির নিজস্ব ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেমের বাইরে এসে অ্যান্ড্রয়েড দিয়ে ডিজাইন করা হয়েছে ‘প্রাইভ’ ফোনটি। স্লাইডার কিবোর্ড ডিজাইনের ফোনটিতে গ্রাহকরা তথ্যের সুরক্ষার বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারবেন বলে জানিয়েছে ব্ল্যাকবেরি। এর বাইরে ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেমে চালিত নতুন আরেকটি ফোন তৈরির বিষয়েও ব্ল্যাকবেরি কাজ করে যাচ্ছে বলে জানান চেন। ওই ফোনটি সরকারের বিভিন্ন সংস্থার ব্যবহারের উপযোগী হবে জানিয়ে তিনি বলেন, এতে আরও উচ্চস্তরের নিরাপত্তা ব্যবস্থা সংযুক্ত থাকবে।
সাম্প্রতিক সময়ে আর্থিকভাবে ধুুঁকতে থাকা ব্ল্যাকবেরির স্মার্টফোন ব্যবসার নির্ধারকও হয়ে উঠবে এসব স্মার্টফোন। কেননা, গত চতুর্ভাগেও (জুলাই-সেপ্টেম্বর) ব্ল্যাকবেরির রাজস্ব আয় কমেছে ৪৬.৫ শতাংশ। এই সময়ে তারা ৬১০.৬ মিলিয়ন ডলার রাজস্ব আয়ের প্রাক্কলন করলেও আদতে রাজস্ব আয় হয়েছে মাত্র ৪৯০ মিলিয়ন ডলার। আসছে এক বছরের মধ্যে এমন ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম না হলে শেষ পর্যন্ত স্মার্টফোনের ব্যবসায় থেকে সরে আসবে এক সময়ের জনপ্রিয় এই মোবাইল নির্মাতা।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top