![]() |
| Add caption |
জেরুজালেমে পুলিশের গুলিতে কথিত দুই ফিলিস্তিনি হামলাকারী নিহত হয়েছেন। আলাদা দুটি ঘটনায় ছুরিকাঘাতে দুই ইসরায়েলি নিহত ও তিন জন আহত হওয়ার পরে এই ঘটনা ঘটে।
ইসরায়েলের রাজধানীতে শনিবার রাতে ও রোববার সকালে জেরুজালেমে এসব ঘটনা ঘটেছে বলে ইসরায়েলি কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে বিবিসি। এর আগে বৃহস্পতিবার ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি এলাকায় সন্দেহভাজন ফিলিস্তিনি হামলাকারীর গুলিতে এক ইসরায়েলি দম্পতি নিহত ও তাদের চার সন্তান আহত হয়েছিল।
ইসরায়েলি পুলিশের মুখপাত্র লুবা সামরি জানিয়েছেন, ফিলিস্তিনি হামলাকারী আহত একজনের কাছ থেকে একটি পিস্তল নিয়ে পুলিশ ও পর্যটকদের দিকে গুলি ছুড়তে শুরু করলে পুলিশের পাল্টা গুলিতে তিনি নিহত হন। নিহত হামলাকারীকে পশ্চিম তীরের রামাল্লার বাসিন্দা ১৯ বছর বয়সী আল-বিরেহ বলে সনাক্ত করেছে ইসরায়েলি পুলিশ। এক বিবৃতিতে ফিলিস্তিনি জঙ্গিগোষ্ঠী ইসলামিক জিহাদ নিহত হামলাকারীকে তাদের সদস্য বলে দাবি করেছে। দ্বিতীয় ঘটনায় রোববার সকালে পশ্চিম জেরুজালেমের রাস্তায় ফিলিস্তিনি এক ব্যক্তি ইসরায়েলি এক কিশোরকে ছুরিকাঘাত করে, পরে পুলিশের গুলিতে তিনিও নিহত হন।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে পূর্ব জেরুজালেম ও ইসরায়েলি অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। এসব সহিংসতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পরার আশঙ্কা বিরাজ করছে। পরিস্থিতি বিবেচনায় রোববার নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিবিসি।

