দিল্লিতে গরুর মাংসের ওপর কোনো নিষেধাজ্ঞা থাকবে না বলে মত দিয়েছে দিল্লি হাইকোর্ট। প্রধান বিচারপতি ও অপর একজন বিচারপতির বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, দিল্লিতে গোমাংস সংক্রান্ত কোনও খাবারের ওপরেই নিষেধাজ্ঞা জারি করা হবে না।
একজন সাধু দিল্লি সরকারের কাছে একটি আবেদন পত্র জমা দেন। যেখানে জম্মু-কাশ্মীরের মতো একটি আইন চালু করার কথা বলেন তিনি। ওই আইনে গরু বা যেকোনো পশু হত্যাকারীদের ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
আম আদমি পার্টি সরকারের তরফ থেকে জানানো হয়, দিল্লিতে ইতিমধ্যেই 'দিল্লি এগ্রিকালচার ক্যাটেল প্রিজারভেশন অ্যাক্ট' নামে একটি আইন প্রচলিত আছে। এই আইনে পশু-পাখিদের রক্ষা করার কথা বলা হয়েছে।
প্রসঙ্গত, গোমাংস ইস্যুতে কয়েক মাস ধরে উত্তাল সারা ভারত। উত্তর প্রদেশের দাদরিতে আখলাক নামে একজন ব্যক্তিকে গোমাংস রাখার গুজবে পিটিয়ে মেরে ফেলে স্থানীয় উন্মত্ত জনতা। এর কয়েক দিন পরে জম্মু-কাশ্মীর হাইওয়েতে একজন ট্রাক ড্রাইভারকে গরু পাচারকারী সন্দেহে পেট্রোল বোমা ছুঁড়ে মেরে ফেলা হয়। দিল্লির কেরল হাউজের মেনুতে 'বিফ ফ্রাই' দেখে কোনও নির্দেশ ছাড়াই তল্লাশি চালায় দিল্লি পুলিশ।
এরপর হিন্দু মৌলবাদী সংগঠন আরএসএস-এর মুখপত্র 'পাঞ্চজন্যে'তে একটি রিপোর্ট বের হয়। যেখানে বলা হয় বেদের নির্দেশ অনুযায়ী গো হত্যাকারীদের মেরে ফেলা উচিত।
ভারতে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন। প্রত্যেক ধর্মের এক এক রকমের রীতিনীতি। তাই ভারতের মতো দেশে দিল্লি হাইকোর্টের রায়কে যুগান্তকারী বলে মনে করছেন অনেকেই। সূত্র: জিনিউজ

