জেলার সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ শনিবার সকালে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করতে গেলে ঐ ব্যক্তি পুলিশের পিস্তল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে প্রায় ৩ ঘণ্টা তল্লাশির পর সিরাজগঞ্জের কাজিপুর থানার বাঁশচর এলাকার একটি বাদাম ক্ষেত থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শনিবার সকাল ৮টার দিকে এসআই আবু সাঈদের নেতৃত্বে ৫ সদস্যের পুলিশের একটি দল উপজেলার চরপোগলদিঘা গ্রামের কাবেল উদ্দিনের ছেলে মাদক বিক্রেতা হাবিজুর রহমান হাবুর (৩০) বাড়িতে অভিযান চালায়। হাবুকে গ্রেফতার করে আসার সময় হাবুর স্ত্রী ও বাড়ির মহিলারা এসআই আবু সাঈদের সাথে টানা-হেঁচড়া শুরু করে। এ সময় হাবু সুযোগ বুঝে এসআই সাঈদের পিস্তল ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। এ খবর পেয়ে জামালপুরের পুলিশ সুপার ঘটনাস্থলে উপস্থিত হলে তার নেতৃত্বে পুলিশ প্রায় ৩ ঘণ্টা অভিযান চালিয়ে অবশেষে যমুনার বাঁশচর এলাকার একটি বাদাম ক্ষেত থেকে পিস্তলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। জামালপুরের পুলিশ সুপার নিজাম উদ্দিন আহম্মেদ পরে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মিডিয়াকে এ তথ্য জানান। তিনি আরো জানান, অস্ত্র খোয়ানোর অভিযোগে এসআই আবু সাঈদকে তাত্ক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করে তাকে জামালপুরের পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হাবুকে আটক করতে পারেনি পুলিশ। তবে তার স্ত্রী ময়না বেগমকে গ্রেফতার করা হয়েছে।

