টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে থাই মেয়েদের হারিয়ে টাইগ্রেসদের শুভসূচনা

S M Ashraful Azom
মেয়েদের বিশ্বকাপ টি-টোয়েন্টির বাছাইপর্বে থাই মেয়েদের হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। ব্যাংককের থাইল্যান্ড ক্রিকেট গ্রাউন্ডে শনিবার স্বাগতিক থাইল্যান্ডকে ৭৩ রানে হারিয়েছে জাহানারা আলমের দল।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে বাংলাদেশ। আয়েশা রহমান ও শারমিন আক্তার মিলে উদ্বোধনী জুটিতে তোলেন ৩৮ রান। ১২ রান করে শারমিন আউট হলে জুটিটি ভাঙে। দলের ৫৩ রানে আউট হয়ে ফেরেন আয়েশাও। এর আগে দুটি চারে ৩২ বলে ৩০ রান করেন তিনি।
দ্রুত আরো দুটি উইকেট হারালেও নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১০৫ রান সংগ্রহ করতে সক্ষম হয় বাংলাদেশ। দলের দ্বিতীয় সর্বোচ্চ রান করেন ফারজানা হক। ২১ বলে একটি চারে ২৩ রান করে অপরাজিত থাকেন তিনি। এ ছাড়া ৩২ বলে ১৭ রান করেন শায়লা শারমিন।
এদিকে বাংলাদেশের দেয়া ১০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে থাইল্যান্ড। ১৪.৪ ওভারে ৩২ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। বাংলাদেশের ফাহিমা খাতুন, রিতু মনি ও রুমানা আহমেদ দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন অধিনায়ক জাহানারা আলম ও শায়লা শারমিন।
ম্যাচ সেরার পুরস্কার জেতেন বাংলাদেশের আয়েশা। একই দিন নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮ উইকেটে জেতে আয়ারল্যান্ড। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯০ রান করে নেদারল্যান্ডসের মেয়েরো। জবাবে ৪৯ বল হাতে রেখে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আয়ারল্যান্ড।
বাছাইপর্বে দুই গ্রুপে আটটি দল খেলছে। 'এ' গ্রুপে স্বাগতিক থাইল্যান্ড ছাড়া বাংলাদেশের প্রতিপক্ষ পাপুয়া নিউ গিনি ও স্কটল্যান্ড। 'বি' গ্রুপে আছে আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, চীন ও নেদারল্যান্ডস। প্রত্যেক গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনালে।
দুই ফাইনালিস্ট আগামী বছর ভারতে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে খেলার যোগ্যতা অর্জন করবে। ব্যাংককে বাংলাদেশের পরের ম্যাচটি আগামী রবিবার স্কটল্যান্ডের বিপক্ষে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top