প্যারিসে ইসলামিক স্টেটের (আইএস) সন্ত্রাসী হামলায় ক্ষুব্ধ ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাঁদ ইরাক ও সিরিয়া ভিত্তিক এই জঙ্গি গোষ্টি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত বিমান হামলা চলবে বলে ঘোষণা দিয়েছেন।
গতকাল সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠকের পর প্যারিসে সাংবাদিকদের একথা বলেন ওলাঁদ। তিনি জানান, শিঘ্রই ফরাসি যুদ্ধবিমান বাহী জাহাজ চার্জ দ্য গল সিরিয়ার উদ্দেশে রওয়ানা হবে। বেলজিয়ামে আইএস জঙ্গিদের বিরুদ্ধ চলমান অভিযানের মধ্যেই এই ঘোষণা দিলেন ওলাঁদ। তিনি জানান, ফ্রান্সে হামলার প্রধান সন্দেহভাজন আইএস জঙ্গি সালাহ আবদেসলাম এখনো পর্যন্ত ধরা পড়েনি।
এদিকে, ফ্রান্স এবং ব্রিটেন আইএসের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার ব্যাপারে একমত পোষণ করেছে। জঙ্গি সংশ্লিষ্ট সকল তথ্য পরস্পরের সঙ্গে বিনিময় করার ব্যাপারেও তারা একমত হন। উল্লেখ্য, গত ১৩ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে সিরিজ হামলায় ১৩০ জন নিহত হয়। পরে এই হামলার দায় স্বীকার করে আইএস।
ওলাঁদের বক্তব্যের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আইএসের ওপর হামলার ব্যাপারে ফ্রান্স যে অবস্থান নিয়েছে তার সঙ্গে পুরোপুরি একমত পোষণ করে ব্রিটেন। এসময় ফরাসি প্রেসিডেন্ট বলেন, আমরা আইএসের সব ঘাঁটি খুজে বের করব এবং সেখানে উপর্যুপরি বোমাবর্ষণ করে তাদের ধ্বংস করে দিব।
তিনি বলেন, আমাদের বিশ্বাস, বিশ্বের সবগুলো দেশ যদি এই রক্তপিপাসু সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তবে তারা বেশিদিন এই অপকর্ম চালিয়ে যেতে পারবে না।

