সেবা ডেস্ক: কাজ করে আনন্দ পাওয়ার মতো সুখের ব্যাপার আর কিছু নেই। যারা নিজের কাজ করে আনন্দ পান, তাঁরা সহজে ক্লান্ত হন না। সবচেয়ে বড় কথা হচ্ছে, কাজে আনন্দ পাওয়া ব্যক্তিরা অন্যদের চেয়ে সুখী ও স্বাস্থ্যকর জীবনযাপন করেন। ‘অকুপেইশনাল অ্যান্ড এনভারনমেন্ট মেডিসিন’ জর্নালে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
ডেনমার্কের ‘ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর দ্য ওয়ার্কিং এনভায়রনমেন্ট ইন কোপেনহেগেন’ নামের একটি সংস্থা সম্প্রতি একটি অর্গানাইজেশনের প্রায় পাঁচ হাজার কর্মীর সাথে তাদের কাজ নিয়ে কথা বলেন। প্রায় ৩০০টি দলে বিভক্ত হয়ে ওই সংস্থাটির কর্মীরা তাদের জরীপ কর্ম চালায়।
জরীপে প্রমাণিত হয়, যারা কর্মক্ষেত্রে তাঁদের কাজটুকু অতি আনন্দের সাথে সমাধা করেন তাদের মানসিক ও শারীরিক অবস্থা অন্যদের চেয়ে ভালো। এই ধরণের কর্মীদের কর্মক্ষেত্রে অনুপস্থিতির হারও কম।
এবং সবচেয়ে অভাবনীয় ব্যাপার হলো, কাজে আনন্দ পাওয়া কর্মীরা মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকার পাশাপাশি পারিবারিকভাবেও বেশ সুখী ও স্বাচ্ছন্দের সাথে জীবন যাপন করেন।
তাই নিজের কাজকে ভালোবাসুন। অফিসের কাজ পুরোপুরি সম্পন্ন করে অফিস থেকে বের হন। এতে অফিসে আপনার সুনাম বৃদ্ধির পাশাপাশি নিজের মনেও প্রশান্তি অনুভব করবেন।
