সেবা ডেস্ক: মুশফিকের চতুর্থ সেঞ্চুরি এবং সাব্বির রহমানের হাফ সেঞ্চুরিতে ভর করে ২৭৩ রান তুলেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে শনিবার মিরপুরে এ রান করেন মাশরাফিরা।
স্কোরবোর্ডে আরো বেশি রান উঠতে পারতো। কিন্তু শেষ দিকে সাব্বির রহমান ও মুশফিকুর রহিমের রান আউট দুটি সে সম্ভাবনা নষ্ট করে দেয়। ৪৮তম ওভারের তৃতীয় বলে মুশফিকের বিদায়ের আগের বলেই আউট হন নাসির। তিনি কেনো রানই করতে পারেননি। এ দিন ওপেনিং জুটিতে উঠে মাত্র দুই রান। ইমরুল কায়েস দলে থাকতেও তামিমের সঙ্গী হিসেবে নামানো হয় লিটন কুমার দাসকে। ছয় বল খেলেও কোনো রানই করতে পারেননি লিটন। ৩০ রানের মধ্যে দুই উইকেট হারায় বাংলাদেশ। তৃতীয় উইকেটে ৭০ রানের জুটি গড়েন তামিম ও মুশফিকুর রহিম। এ জুটিটির কল্যাণে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠে বাংলাদেশ।
৬৮ বলে ৪০ রান করে বিদায় নেন তামিম। পরে মুশফিকের সাথে জুটিতে আসেন সাকিব আল হাসান। বেশ কয়েকবার এ জুটির ব্যাটে ভর করে বড় রান করেছিলো বাংলাদেশ। এ দিনও ইঙ্গিত ছিলো সে রকম কিছুরই। কিন্তু স্পিন বলে ডাউন দ্যা উইকেটে এসে খেলতে গিয়ে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে কাটা পড়েন সাকিব।
পঞ্চম উইকেটে সাব্বিরকে সাথে নিয়ে ১১৯ রানের জুটি গড়েন মুশফিক। এর মধ্যে ক্যারিয়ারের চতুর্থ এবং জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরি করেন তিনি। মুশফিকের সেঞ্চুরি এবং সাব্বির রহমানের হাফ সেঞ্চুরিতে ভর করেই বাংলাদেশের রান চ্যালেঞ্জিং পর্যায়ে যায়।
শেষ দিকে সাব্বির ও মুশফিক রান আউট না হলে বা নাসির আর একটু সময় উইকেটে থাকতে পারলে বাংলাদেশের রান একটু পথ। তা না হলেও শেষ ওভারে মাশরাফির একটি চার ও ছয় খানিকটা হলেও স্বস্তি দিয়েছে বাংলাদেশকে।
