দফায় দফায় সংঘর্ষ, ২০ জন গুলিবিদ্ধ

S M Ashraful Azom
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীর তীরবর্তী শম্ভুপুরা এলাকায় কৃষকদের ফসলী জমির মাটি কেটে নেয়ার প্রতিবাদ করায় কৃষকদের সঙ্গে বালু ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষে বাড়ি ঘর, মোটর সাইকেল ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
 
এতে উভয় পক্ষের ২০ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ৪৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে পাচঁজনের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
এলাকাবাসী ও পুলিশ জানান, উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা-১ এলাকায় বালু মহালের ইজারা নেন রিফাত ট্রের্ডাসের নামে জাতীয় পার্টি নেতা নান্নু। বালু মহালের ইজারা নিয়েই চরকিশোরগঞ্জ ও চরহোগলা এলাকায় কৃষকদের ফসলি জমির মাটি কেটে নিতে থাকে যুবলীগ নেতা হারুন মিয়া ও ইমাম হোসেন। কৃষকদের ফসলি জমির মাটি কেটে নেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার কৃষকরা একত্রিত হয়ে বালু সন্ত্রাসীদের বালু উত্তোলন বন্ধ করার ঘোষণা দিলে বালু সন্ত্রাসীদের হামলায় নজরুল ইসলাম ও জুম্মন মিয়া গুলিবিদ্ধ এবং দ্বীন ইসলাম, আলী আজগর, আব্দুল আউয়াল, মোহাম্মদ আলী, ইউনুস মিয়া, নাছির উদ্দিনসহ কমপক্ষে ৩০ জন আহত হয়।
 
পরে গ্রামবাসীরা একত্রিত হয়ে দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে ফারুক মিয়া, সুজন মিয়া, সেলিম মিয়া, হায়দার মিয়া, জব্বার হোসেন, রাজু মিয়া, আরিফ হোসেন, জয়নাল মিয়া, বেলাল হোসেন, আমির হোসেন, হারুন মিয়ার স্ত্রী বিউটি আক্তার, মেয়ে সালমা আক্তার, বোরহান মিয়া, শহীদ মিয়া, আনোয়ার হোসেন, রিপন মিয়াসহ কমপক্ষে ২০ জন আহত হয়। এতে উভয় পক্ষের ২০ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ৪৫ জন আহত হয়েছে। উত্তেজিত গ্রামবাসীরা হারুন মিয়া, আলম মিয়া, আক্তার হোসেন, নাজিম উদ্দিন, সাইদুল ইসলাম নামে ১০ জনের বাড়িতে হামলা চালিয়ে তিনটি মোটর সাইকেলসহ ঘর বাড়ি ভাংচুর ও লুটপাট করে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সমর্থ হয়।
 
এদিকে ইউপি সদস্য নাছির উদ্দিন ও কাসেম মিয়া জানান, বালু সন্ত্রাসী হারুন মিয়া ও ইমাম হোসেন আমাদের এলাকার কৃষকদের ফসলি জমির মাটি কেটে নেওয়ার প্রতিবাদ করায় গ্রামবাসীদের উপর হামলা চালিয়ে তাদের আহত করে। অপরদিকে যুবলীগ কর্মী হারুন মিয়া জানান, ইউপি সদস্য নাছির উদ্দিন ও কাসেম মিয়ার সাথে পূর্ব শত্রুতার জের ধরেই আমার লোকজনকে আহত করে আমাদের ঘর বাড়ি ও মোটর সাইকেল ভাংচুর করে।
 
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ জানান, চরকিশোরগঞ্জ এলাকায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় মামলার প্রস্তুতি চলছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top