বিনা খরচে বিদেশে নেয়ার কথা বলে প্রায় ৭০০ শ্রমিকের কাছ থেকে অর্থ আদায় করে পাসপোর্টসহ লাপাত্তা হওয়ার অভিযোগ করেছে প্রতারিত শ্রমিকরা। নিশাত ট্যুরস এন্ড ট্রাভেলস নামে ওই প্রতিষ্ঠানের দায়ী কর্মকর্তাদের শাস্তির দাবিতে শুক্রবার ভুক্তভোগী শ্রমিকরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচী পালন করেছে। জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আয়োজনে ওই কর্মসূচীতে শ্রমিক নেতারাও উপস্থিত ছিলেন।
এ সময় বলা হয়, বিনা খরচে কোম্পানির টাকায় আকর্ষণীয় বেতনে লেবানন ও জর্ডানে বিভিন্ন পদে গার্মেন্টসের শ্রমিক পাঠানোর বিজ্ঞাপন দেয় প্রতিষ্ঠানটি। এ প্রক্রিয়ায় দালালের মাধ্যমে পাসপোর্ট, মেডিক্যাল ও ভিসা বাবদ প্রত্যেকের কাছ থেকে ১০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা করে আদায় করা হয়। কিন্তু বর্তমানে প্রতিষ্ঠানটি তালাবদ্ধ। এ অবস্থায় সর্বস্ব হারানো শ্রমিকরা চাকরি ছেড়ে পাসপোর্ট আর টাকা ফেরতের আশায় পথে পথে ঘুরছে।
এ সময় শ্রমিক নেতারা প্রতিষ্ঠানটির মালিক মোজাম্মেল হোসেনসহ সংশ্লিষ্টদের শাস্তি ও শ্রমিকদের অর্থ ফেরতে প্রশাসনকে উদ্যোগী হওয়ার দাবি জানান। এ কর্মসূচীতে শতাধিক প্রতারিত শ্রমিক অংশ নেন।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে শ্রমিক নেত্রী নুরুন নাহার, বাচ্চু মিয়া , ফরিদুল ইসলাম এবং প্রতারণার শিকার গার্মেন্টস শ্রমিক মো. ফারুক, কলি আক্তার , মো. জালাল, পাখি আক্তার ও ইকবাল হোসেন প্রমুখ বক্তব্য দেন।

