প্যারিসে আজ শুরু শীর্ষ জলবায়ু সম্মেলন

S M Ashraful Azom
0
সন্ত্রাসী হামলার ক্ষতের ওপর দাঁড়িয়ে প্যারিসে আজ সোমবার থেকে শুরু হচ্ছে জাতিসংঘের ২১তম শীর্ষ জলবায়ু সম্মেলন (কপ-২১)। পৃথিবীর তাপমাত্রা কমিয়ে আনতে এ সম্মেলনে শীর্ষ নেতৃবৃন্দ একটি বাধ্যবাধকতা চুক্তি সই করবেন বলে মনে করা হচ্ছে। কিছুদিন আগ পর্যন্ত এ নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্ব ছিল। বিশেষ করে ভারত ও চীন বাধ্যবাধকতা চুক্তির বিপক্ষে স্পষ্ট অবস্থান নেয়ায় কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট জি জিনপিং সম্মেলনে যোগ দিতে সম্মত হলে ধোঁয়াশা কিছুটা কেটে যায়। এর বাইরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও সম্মেলনে যোগ দিচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনে যোগ দেয়ার কথা থাকলেও পরবর্তীতে তা বাতিল হওয়ায় পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু সম্মেলনে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন। ইতোমধ্যে তিনি প্যারিসে পৌঁছেছেন। মোট ১৬৬টি দেশের প্রতিনিধিরা এ সম্মেলনে যোগ দেবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে। কপ-২১ এ এবার আইনগত বাধ্যবাধকতা চুক্তিতে আসার জন্য ক্ষতিগ্রস্ত দেশগুলোর পক্ষ থেকে চাপ আছে। এ চুক্তির আওতায় গ্রিনহাউস গ্যাসের উদ্গীরণের মাত্রা কমিয়ে আনাসহ পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি দুই ডিগ্রি সেলসিয়াসের নীচে রাখার বাধ্যবাধকতা থাকবে। ২০২০ সালের পর থেকে এ চুক্তি কার্যকরের কথা থাকলেও চীন ও ভারত এর বিরোধিতা করছে। দেশ দুটির যুক্তি হচ্ছে, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য উন্নত দেশগুলো দায়ী। তাদের ব্যাপক শিল্পায়নের জন্য পৃথিবী আজকের অবস্থায় এসেছে। সেক্ষেত্রে দেশের জনগণের কথা চিন্তা করে ভারত ও চীনের শিল্পায়ন অব্যাহত রাখার অধিকার আছে। তবে বাধ্যবাধকতা চুক্তির ব্যাপারে চীন এবং ভারতকে রাজী করানোর ব্যাপারে জোর লবিং চলছে বলে জানা গেছে।
 
এদিকে এবারের সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে বেশ কয়েকটি দাবি উত্থাপন করা হবে। বিশেষ করে জলবায়ুর ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশ ঋণের পরিবর্তে অনুদান প্রদানের দাবি জানাবে। পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু জানান, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় উন্নত দেশ এবং বহুজাতিক আর্থিক সংস্থাগুলো থেকে বাংলাদেশ ঋণ পেয়ে আসছে। কিন্তু প্যারিস সম্মেলনে বাংলাদেশ ঋণের পরিবর্তে অনুদানের বিষয়টিকে প্রাধান্য দেবে। তিনি জানান, প্যারিস সম্মেলনে বাংলাদেশ মিটিগেশনের পরিবর্তে অ্যাডাপটেশনের (অভিযোজন) ওপর গুরুত্ব দেবে বেশি। কারণ মিটিগেশনে বেশি অর্থ বরাদ্দ দেয়া হলে উন্নত দেশগুলো লাভবান হবে বেশি। কিন্তু বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলোর কাছে অ্যাডাপটেশনের বিষয়টি গুরুত্বপূর্ণ। তিনি জানান, পেরুর লিমায় গত বছর যে জলবায়ু শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তাতে অ্যাডাপটেশনে এবং মিটিগেশনে সমান সমান অর্থ ব্যয়ের বিষয়টি অনুমোদিত হয়েছিল। প্যারিস সম্মেলনে সেটি আমরা আবারো উত্থাপন করবো।
 
এদিকে জাতিসংঘ মহাসচিব বান-কি মুন জলবায়ু সম্মেলন নিয়ে বলেছেন, কার্বন নি:সরণ কমাতে বিশ্বনেতারা ইতোমধ্যে যে অঙ্গীকার করেছেন তা বাস্তবায়িত হলেও চলতি শতাব্দী শেষে বিশ্বের তাপমাত্রা গড়ে তিন শতাংশ করে বাড়বে। কিন্তু বিশ্বকে সহনীয় রাখতে হলে এ তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রী সেলসিয়াসের নীচে রাখতে হবে।
 
এদিকে আজ সম্মেলনের শুরুর দিনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা বক্তব্য রাখবেন। দিনব্যাপী এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের সরকার প্রধানরা নিজ দেশের পক্ষে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরবেন। 
 
উল্লেখ্য, ১১ ডিসেম্বর পর্যন্ত প্যারিসে জাতিসংঘ শীর্ষ জলবায়ু সম্মেলন চলবে।
 
সম্মেলনকে ঘিরে প্যারিসের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। বিভিন্ন বাস ও ট্রেন স্টেশনে পুলিশের পাশাপাশি সেনা সদস্যরাও টহল দিচ্ছে। জলবায়ু সম্মেলনের আশপাশে ব্যাপক সিসিটিভি লাগানো হয়েছে। শহর কর্তৃপক্ষ জনসাধারণকে যথাসম্ভব কম চলাফেরা করার পরামর্শ দিয়েছে। সম্মেলনে অংশগ্রহণকারীদের ব্যক্তিগত গাড়ি এবং ট্যাক্সিক্যাব পরিহার করতে বলা হয়েছে। ট্রাফিক বিভাগ বেশকিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করছে। প্রটোকল গাড়ি না থাকলে সেক্ষেত্রে সম্মেলনের আয়োজকদের পক্ষ থেকে সবাইকে শাটল বাস ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top