সেবা ডেস্ক: জনপ্রিয় অপারেটিং সিস্টেম এক্সপির বিদায়ের পর এবার বিদায় নিতে যাচ্ছে উইন্ডোজ টেন এর পূর্ববর্তী সংস্করণ উইন্ডোজ সেভেন এবং এইট পয়েন্ট ওয়ান। সম্প্রতি উইন্ডোজের জনপ্রিয় এ সংস্করণের সকল কার্যক্রম বন্ধ করার ঘোষণা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে মাইক্রোসফট।
এ বিষয়ে মাইক্রোসফট জানায়, ২০১৬ সালের অক্টোবর মাসের পর থেকে ডিভাইসের অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ টেন-এর বাইরে আর কোনো অপারেটিং সিস্টেম থাকবে না। গত মাসের ৩১ তারিখ পর্যন্তই ছিল উইন্ডোস সেভেন এবং উইন্ডোজ এইট পয়েন্ট ওয়ানের অফিসিয়াল কার্যক্রমের শেষ দিন।
এর আগে ২০১৪ সালের অক্টোবরে উইন্ডোজ সেভেনের উপর থেকে সব ধরণের সাপোর্ট উঠিয়ে নেয়ার ঘোষণা দিয়েছিল মাইক্রোসফট। তবে অপারেটিং সিস্টেমটির বিপুল জনপ্রিয়তা থাকায় এবং উইন্ডোজ এইটের প্রতি গ্রাহকদের এতোটা আগ্রহ না থাকায় সিদ্ধান্তে পরিবর্তন আনে মাইক্রোসফট।
বিশেষজ্ঞরা মনে করছেন, এবার আর সিদ্ধান্ত বদলাবে না প্রতিষ্ঠানটি। কারণ হিসেবে তারা মনে করছেন, এর আগে একশো কোটি ডিভাইসে উইন্ডোজ টেন ইনস্টলের লক্ষমাত্রা নির্ধারণ করেছিল মাইক্রোসফট। নির্ধারিত এ লক্ষমাত্রা বাস্তবায়নের লক্ষ্যেই উইন্ডোজ সেভেন এবং এইটের কার্যক্রম বন্ধ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
তবে উইন্ডোজ সেভেন এবং এইট ব্যবহারকারী গ্রাহকদের জন্য সুখবর হচ্ছে আপাতত কার্যক্রম বন্ধের ঘোষণা দিলেও আগামী ২০২০ সাল পর্যন্ত সময় পাবেন তারা। তারমানে অপারেটিং সিস্টেম দুটি একেবারেই বন্ধ হচ্ছে না। মাইক্রোসফটের ঘোষণা মতে উইন্ডোজ সেভেন এবং এইটে'র নিরাপত্তা আপডেট এবং বাগ ফিক্সিংসহ অন্যান্য সুবিধা আগামী ২০২০ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।
