সেবা ডেস্ক: একদিনে সর্বোচ্চ পরিমাণ পণ্য বিক্রি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়ে নিল চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান। শাওমি নামের এ ফোন নির্মাতা প্রতিষ্ঠান মাত্র ২৪ ঘন্টায় ২০ লাখ ১১ হাজার স্মার্টফোন বিক্রি করে রেকর্ড বুকে স্থান করে নেয়। শাওমির পূর্বে এ রেকর্ডের একমাত্র দাবিদার ছিল আরেক চীনা প্রতিষ্ঠান আলীবাবা গ্রুপের টিমল ডট কম। তারা ২৪ ঘন্টায় বিক্রি করেছিল ১০ লাখ ৮৯ হাজার ফোন।
চলতি সপ্তাহে শাওমির পাঁচ বছর পূর্তি উদযাপন করা হল। আর এ উপলক্ষে নিজেদের পণ্যের উপর ঘোষণা করে আকর্ষণীয় ছাড়ের। এতেই শাওমি পণ্যের উপর হুমড়ি খেয়ে পড়ে ক্রেতারা। শুধু স্মার্টফোনই নয়, এই ২৪ ঘন্টার মধ্যেই সাত লাখ ৭০ হাজার ইলেকট্রনিক সামগ্রী, ৭৯ হাজার ওয়াইফাই রাউটার এবং ৩৮ হাজার স্মার্ট টিভিও বিক্রি করেছে প্রতিষ্ঠানটি।
শাওমির নির্বাহী প্রধান লেই জুন এক ব্লগ পোস্টে লিখেন, 'মাত্র ২৪ ঘন্টায় ২০ লাখ ১১ হাজার ফোন বিক্রি করে বিশ্ব রেকর্ডে নাম উঠালো শাওমি। আর নতুন এই রেকর্ডকে স্বীকৃতিও দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ।'
বিশ্বে স্মার্টফোন বিক্রির দিক থেকে শাওমির অবস্থান তৃতীয়। ২০১৪ সালেও ৬ কোটি দশ লাখ স্মার্টফোন বিক্রি করে বিশ্বের প্রযুক্তি বাজারে তাক লাগিয়ে দিয়েছিল শাওমি। পণ্যের গুণগত মান ঠিক রেখে দামের দিকে কিছুটা ছাড় দেয়ায় চীনা বাজারে শাওমি পণ্যের চাহিদা এখন তুঙ্গে। বাজার বিশ্লেষকরা মনে করছেন, এ বছর শাওমি যদি তার বিক্রির ধারাবাহিকতা ধরে রাখতে পারে তাহলে আগামীতে স্যামসাং ও আইফোনের মত প্রতিষ্ঠানগুলোকে টপকে শীর্ষে উঠে যেতে পারবে।
