আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া নিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পরিবার যে মিথ্যাচার করছে তা মূলত জনগণের কাছে সহানুভূতি পাওয়ার জন্য করছে।
জামায়াতের ডাকা হরতালের বিরুদ্ধে রাজধানীতে সমাবেশ এবং মিছিলশেষে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডি কার্যালয়ে বক্তব্যদানকালে এ মন্তব্য করেছেন তিনি।
সোমবার সকাল থেকেই আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতালের বিরুদ্ধে সমাবেশ করে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন।
হরতালের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করে ছাত্রলীগ। মিছিল হয়েছে মিরপুরের পল্লবীতেও।

