রোনালদো ও মেসির মধ্যে কে সেরা সেটা নিয়ে ফুটবল বিশেষজ্ঞ থেকে সাধারণ সমর্থক পর্যন্ত সবাই দ্বিধাবিভক্ত। কিন্তু পর্তুগিজ ও রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর চোখে তিনিই বিশ্বসেরা।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে পর্তুগালের অধিনায়ক বলেন, আমার কাছে, আমি সব সময়ই সেরা। মানুষ কী ভাবছে তাতে আমার কিছু আসে যায় না। শুধু এ বছরই নয়, আমার কাছে আমি সব সময়ই সেরা। গত অনেক বছর ধরেই সময়ের সেরা খেলোয়াড় নিয়ে বিতর্কে ফুটবলপ্রেমীরা রোনালদো আর মেসির কথাই বলে আসছে। বেশিরভাগই অবশ্য এগিয়ে রাখে চার বারের বর্ষসেরা ফুটবলার বার্সেলোনা তারকা মেসিকে। কিন্তু তিন বারের বর্ষসেরা খেলোয়াড় রোনালদোর এতে কিছু যায়-আসে না। আমি মতামতকে শ্রদ্ধা করি। হতে পারে, আপনার মতে মেসি আমার চেয়ে ভালো। কিন্তু আমার কাছে, আমি তার চেয়ে ভালো।
রিয়াল মাদ্রিদের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা রোনালদো নিজের দাবির পক্ষে যুক্তি দেখাতে পরিসংখ্যান তুলে ধরেন। আমার বলার দরকার নেই যে, আমি ফুটবল ইতিহাসে আছি, আমি একজন কিংবদন্তি। পরিসংখ্যানই সব কিছু বলে।
ক্যারিয়ারে ৭৬০ ম্যাচ খেলে ৫০৪টি গোল করেন রোনালদো। মাদ্রিদে নাম লেখানোর পর ৩১৪ ম্যাচে ৩২৬ গোল করেন তিনি। স্পেনের শীর্ষ ক্লাবটির সঙ্গে পর্তুগালের এই তারকার চুক্তি ২০১৮ সাল পর্যন্ত । বিবিসি।

