
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, মহানগরীরর কোলাহল থেকে মুক্ত পদ্মা সেতুর দক্ষিণ পাড়ে শরীয়তপুর-মাদারীপুর জেলার মিলন মোহনায় নির্মিত হবে আধুনিক তাঁত পল্লী। প্রধানমন্ত্রীর নির্দেশে প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয়ে ১০৮ একর জমির উপরে এ পল্লী নির্মিত হবে।
প্রতিমন্ত্রী আজ সকালে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নে প্রস্তাবিত তাঁত পল্লীর নির্ধারিত স্থান পরিদর্শনে এসে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, একনেকের অনুমোদন সাপেক্ষে আগামী ছয় মাসের মধ্যে এ তাঁত পল্লীর নির্মাণ কাজ শুরু হবে।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তাঁত শিল্পের ঐতিহ্য রক্ষার জন্য এ অঞ্চলে তাঁত পল্লী নির্মিত হচ্ছে। এ পল্লীতে তাঁতীদের কারখানা, বাসস্থান ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান, খেলা-ধুলার জন্য মাঠসহ সকল আধুনিক ব্যবস্থা থাকবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, নারায়নগঞ্জ, মুন্সীগঞ্জ ও শরীয়তপুর অঞ্চলের তাঁত শিল্পের গৌরব হাজার বছরের প্রাচীন। মসলিন তাতীদের বংশধররা এ অঞ্চলেই বসবাস করেন। পৃষ্ঠপোষকতার অভাবে তারা এখন পৈত্রিক পেশা ছেড়ে অন্য পেশায় যোগ দেয়ায় বিশ্বব্যাপী ঐতিহ্যবাহী মসলিন শাড়ির গৌরব আজ বিলুপ্ত হতে চলেছে। যে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মসলিনসহ সকল তাঁতীদের শিল্প রক্ষা ও পুনর্বাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।
এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বি এম মোজাম্মেল হক এমপি, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য নুর-ই- আলম চৌধুরী লিটন প্রমুখ। বাসস

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।