বিশ্বের ৭টি মহাদেশের সর্বোচ্চ ৭টি শৃঙ্গ জয়ে করে দেশে ফিরেছেন বাংলাদেশের প্রথম সেভেন সামিট পূর্ণ করা পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন। সোমবার রাতে মালয়েশিয়ার একটি বিমানে তিনি হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছালে পরিবার, বন্ধু, শুভানুধ্যায়ী ও ‘বাংলাদেশ অন সেভেন সামিট’র পক্ষ থেকে তাকে স্বাগত জানান হয়।
এ সময় অভিব্যক্তি ব্যক্ত করতে গিয়ে ওয়াসফিয়া বলেন, বার বার নানা প্রতিকূলতায় সেভেন সামিট পূর্ণ করা এবং বাংলাদেশের মানুষকে দেয়া কথা রাখার বিষয় আমি শঙ্কিত হয়ে পড়েছিলাম। ১৮ নভেম্বর কাস্ট্রেনজ পিরামিড পর্বত শৃঙ্গ জয়ের মধ্য দিয়ে আমার সে শঙ্কা দূর হয়েছে। আমি দেশের মানুষকে দেয় কথা রাখতে পেরে আনন্দিত। একই সঙ্গে ওয়াসফিয়া তার দুঃসাহসিক অভিযান নিয়ে বই লেখা ও নারী ক্ষমতায়নে সহযোগিতার জন্য স্কুল করার কাজ শুরু করবেন বলেও জানান।
২০১১ সালে বাংলাদেশ স্বাধীনতার ৪০ বছর উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ওয়াসফিয়া ‘বাংলাদেশ অন সেভেন সামিট’ শুরু করেন। মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে অর্জিত লাল-সবুজের পতাকা ৭ মহাদেশের সর্বোচ্চ ৭টি শৃঙ্গে উঠার এই অর্জন ওয়াসফিয়া বাংলাদেশের সকল মানুষের বলে উল্লেখ করেন।

