চিটাগাং ভাইকিংস ও রংপুর রাইডার্সের ম্যাচ শুরু হতে তখনো আরো ঘন্টাখানেক বাকি। এ সময় হেলিকপ্টারে উড়ে এসে তিনি নামলেন চট্টগ্রামের মহিলা ক্রীড়া সংস্থার মাঠে। হিন্দি সিনেমার নায়কের মতো উমর আকমলের এই অভূতপূর্ব আগমণ দৃশ্য উপভোগ করলেন জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়ামের হাজারো দর্শক। তবে নায়কের মতো আগমণ করলেও শেষ পর্যন্ত খলনায়কে পরিণত হন পাকিস্তানি এই ক্রিকেটার।
চিটাগাং ভাইকিংসের পক্ষে ব্যাট হাতে নেমে ৮ বল মোকাবেলায় করেন মাত্র ১ রান। হেলিকপ্টারে উড়ে এসেও চিটাগাং ভাইকিংসের ধারাবাহিক ব্যর্থতার গতিরোধ করতে পারলেন না আকমল। ম্যাচে রংপুরের কাছে ৯ উইকেটে হেরে যায় ভাইকিংস।
চিটাগাং ভাইকিংসের এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার সকালেই দুবাই থেকে ঢাকায় আসেন উমর আকমল। এরপর ঢাকা থেকে ৮০ হাজার টাকায় হেলিকপ্টার ভাড়া করে তাকে চট্টগ্রামে নিয়ে আসে চিটাগাং ভাইকিংস কর্তৃপক্ষ। দুবাই থেকে চট্টগ্রাম পর্যন্ত তার ভ্রমণ খরচ লক্ষ টাকারও বেশি।

