
দিল্লিতে চলন্ত বাসে মেডিকেল শিক্ষার্থীকে গণধর্ষণ ও হত্যার তিন বছর পূর্তি হয়েছে আজ। ঘটনার শিকার ২৩ বছর বয়সী ওই ছাত্রী এতদিন 'নির্ভয়া' নামেই পরিচিতি পেয়েছে। বুধবার তার মা বলেন, আমার মেয়ের নাম জ্যোতি সিং। সেই সঙ্গে জানালেন, মেয়ের নাম প্রকাশ করা নিয়ে মোটেই লজ্জিত নন তিনি। যারা ধর্ষণের মতো জঘন্য অপরাধ করেন তাদের লজ্জা পাওয়া উচিৎ।
জ্যোতির মা আরো বলেন, তিনি বুঝতে পারেন না নির্যাতিতার নাম গোপন রাখার পেছনে কী যুক্তি থাকতে পারে। ভারতের বিভিন্ন নারী ও নাগরিক সংগঠন ১৬ ডিসেম্বরকে 'নির্ভয়া চেতনা দিবস' হিসেবে পালন করে আসছে। নারী নির্যাতনের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে দিবসটি পালন করছেন তারা।
২০১২ সালের ১৬ ডিসেম্বর দক্ষিণ দিল্লিতে একটি চলন্ত বাসে গণধর্ষণের শিকার হন জ্যোতি সিং। ছয়জন ধর্ষক যাদের মধ্যে আবার একজন অপ্রাপ্তবয়স্ক ধর্ষণ শেষে তাকে ও তার সঙ্গের ছেলে বন্ধুটিকে রড দিয়ে পিটিয়ে চলন্ত বাস থেকেই ফেলে দেয়। এতে মারা যায় মেয়েটি। এই ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল ভারতের বিভিন্ন শহরে।
