
শিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেনকে জামিন দিয়েছে হাইকোর্ট। গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত আবেদনের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আমির হোসেনের ডিভিশন বেঞ্চ ৩১ মার্চ পর্যন্ত তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।
গত ৬ সেপ্টেম্বর গৃহকর্মী হারিয়ে গেছে জানিয়ে ক্রিকেটার শাহাদাত থানায় সাধারণ ডায়েরি করেন। এর কয়েক ঘণ্টা পর ওই শিশুকে পাওয়া যায়। মিরপুরের পল্লবীর সাংবাদিক কলোনি থেকে ১১ বছর বয়সী ওই শিশুকে পেয়ে তাকে থানায় নিয়ে যান খন্দকার মোজাম্মেল হক নামে এক সাংবাদিক। পরে শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়।
সাংবাদিকদের কাছে শাহাদাতের বাসায় নির্যাতিত হওয়ার বিবরণ দেয় শিশুটি। এ ঘটনায় সাংবাদিক মোজাম্মেল বাদি হয়ে মামলা করেন। পরে শাহাদাত ও তার স্ত্রী জেসমিন জাহান নিত্য ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চাইলে তা নাকচ হয়ে যায়।
গত ১২ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে শাহাদাতের জামিন আবেদন নাকচ হয়। এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন। ওই আপিলের শুনানি নিয়ে হাইকোর্ট অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুরের পাশাপাশি রুল জারি করে। আদালতে শাহাদাতের পক্ষে আইনজীবী জাহিরুল আমিন এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবির শুনানি করেন। তবে নিম্ন আদালত থেকে ইতোমধ্যে জামিন পেয়েছেন নিত্য।
