
বিপিএলের তৃতীয় আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো সিলেট সুপার স্টার্সকে। বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৭১ রানে হেরেছে তারা।
গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ার পর দলের ব্যর্থতা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন অধিনায়ক শহিদ আফ্রিদি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আফ্রিদি জানান, প্রতি ম্যাচে অসংখ্য ভুলের মাশুল দিতে হয়েছে তাদের।
পাকিস্তানি এই ক্রিকেটার বলেন, ‘আমরা পরিকল্পনা মতো খেলতেও পারিনি। এই খেলাটায় ধারাবাহিকতা ধরে রাখা খুবই প্রয়োজন। কিন্তু ম্যাচের পর ম্যাচ আমরা অনেক ভুল করেছি।’
শুরুতে সিলেটের অধিনায়ক ছিলেন আইকন খেলোয়াড় মুশফিকুর রহিম। ‘চাপে’ নেতৃত্ব থেকে সরে দাঁড়ান তিনি। আফ্রিদি অধিনায়ক হওয়ার পর দুই ম্যাচে জিতে শেষ চারে থাকার ক্ষীণ সম্ভাবনা বেঁচে থাকে সিলেটের।
প্রথম দুই ম্যাচে সিলেট হারে ১ রানে। তৃতীয় ম্যাচে এসে ৬ রানে হারে দলটি। সাফল্য পেতে মারিয়া সিলেট প্রায় প্রতি ম্যাচেই পরিবর্তন আনে। আফ্রিদি মনে করেন, বারবার একাদশে পরিবর্তন আনায় ভুগতে হয়েছে তাদের।
