
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বাংলাদেশ দূতাবাসের ৪০ বছর পূর্তি উদযাপন করেছে। এ উপলক্ষে দুই দেশের মৈত্রীর প্রতীক হিসেবে থাইল্যান্ডের রাজার ৮৮তম জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা ও প্রার্থনা সভার আয়োজন করা হয়।
থাইল্যান্ডের জাতীয় বুদ্ধিজম কাউন্সিল অডিটোরিয়ামে এ নিয়ে গত বৃহস্পতিবার একটি সেমিনার আয়োজন করে বাংলাদেশ দূতাবাস। আসিয়ান বুদ্ধিস্ট ফেডারেশনের সঙ্গে যৌথ উদ্যোগে বাংলাদেশের বৌদ্ধ ভিক্ষুরা রাজা ভূমিবলের জন্মদিন উপলক্ষে প্রর্থনা সভারও আয়োজন করা হয় সেখানে।
১০ সদস্যের বৌদ্ধ ভিক্ষু প্রতিনিধিদলের মধ্যে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার প্রধান সংঘনায়ক শুদ্ধাননন্দ মহাথিরো অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ বৌদ্ধ ক্রিস্টি প্রচার সংঘের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সভাপতি ড. দীপঙ্কর বড়ুয়া প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন। সেমিনারে 'বাংলাদেশে বৌদ্ধ ধর্মের অতীত ও বর্তমান' ও 'বাংলাদেশে পালি ভাষার উৎপত্তি পালি স্টাডিজ' বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করা হয়।
থাইল্যান্ড সরকারের সংস্কৃতি মন্ত্রী খুন ভিরা রজপোজচানারাত প্রধান অতিথি হিসেবে সেমিনারে বক্তব্য রাখেন। তিনি বলেন, বৌদ্ধ পণ্ডিত ও গবেষণা বিনিময়ের মাধ্যমে থাইল্যান্ড ও বাংলাদেশে বৌদ্ধ ধর্মের প্রাচীন সম্পর্কের বিষয়টি পুনর্জাগরণ করা প্রয়োজন। প্রস্তাবিত সাংস্কৃতিক সহযোগিতা চুক্তিতে বৌদ্ধ স্টাডিজ বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন থাই মন্ত্রী।
সেমিনার শেষে রাজা ভূমিবলকে উৎসর্গ করে প্রায় ৩০০ বৌদ্ধ ভিক্ষুর উপস্থিতিতে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।