মাঠে নামছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো

S M Ashraful Azom
0

পৌরসভা নির্বাচনে দল সমর্থিত প্রার্থীর জয় নিশ্চিত করতে প্রচার-প্রচারনায় মাঠে নামছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ৭টি সংগঠন সহযোগী এবং ৩টি ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা। কেন্দ্রীয় কমিটির নেতারা মনে করছেন, পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের মনোনিত মেয়র প্রার্থীদের উৎসাহ যোগাতে এবং তৃণমূলের নেতাকর্মীদের চাঙ্গা করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। 
 
আওয়াামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী ৭টি সংগঠন সহযোগী এবং ৩টি ভ্রাতৃপ্রতিম সংগঠন রয়েছে। সহযোগী সংগঠনগুলো হলো-আওয়ামী যুব লীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, আওয়ামী কৃষক লীগ, আওয়ামী আইনজীবী পরিষদ ও আওয়ামী তাঁতি লীগ। ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো হলো- ছাত্রলীগ, জাতীয় শ্রমিক লীগ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ।
 
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীদের জয়লাভের লক্ষে প্রচার-প্রচারণার জন্য ২৫টি টিম গঠন করেছে যুবলীগ কেন্দ্রীয় কমিটি। এ কার্যক্রম সমন্বয় করতে যুবলীগ চেয়াম্যান ওমর ফারুক চৌধুরী আহ্বায়ক ও সাধারণ সম্পাদক হারুন-অর রশিদকে সদস্য সচিব করে কেন্দ্রের ৫১ নেতা কেন্দ্রীয় আহবায়কের দায়িত্বে থাকছেন। সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ও যুগ্ম সম্পাদকদের প্রধান করে স্ব স্ব এলাকার নেতাদের সমন্বয়নে গঠিত ওই প্রচার টিম আগামী ১৩ ডিসেম্বর থেকে নির্বাচনী ফলাফল ঘোষনার দিন পর্যন্ত (৩০ ডিসেম্বর) নির্বাচনী বিধি মোতাবেক মাঠে থাকবেন। একইভাবে আওয়ামী সেচ্ছাসেবক লীগ দলীয় প্রার্থীর পক্ষে কাজ করছেন। 
 
শুক্রবার ইত্তেফাককে এ তথ্য জানিয়েছেন সেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো: আবু কাউছার। 
 
অপরদিকে ঢাকার পাশ্ববর্তী জেলা নারায়নগঞ্জ-গাজীপুর এবং মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল-কিশোরগঞ্জসহ ৬৪টি জেলায় ওলামা লীগের নেতাকর্মীদের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল্লামা ইলিয়াছ হোসাইন বিন হেলালী। 
 
শুক্রবার সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ সংগঠনের (ওলামা লীগ কার্যালয়) তৃতীয় তলায় বিশেষ সভায় তিনি এ নির্দেশ দেন। এ সময় ওলামা লীগের নেতাকর্মীদের উদ্দেশে হেলালী বলেন, ৫ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যেভাবে বিএনপি-জামায়াতের নৈরাজ্য-সহিংসতা আলেম সমাজ মোকাবিলা করেছে, ঠিক একইভাবে এবারও পৌর নির্বাচনে আলেম সমাজকে স্বাধীনতারপক্ষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে। তাহলে প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী এবং দেশের উন্নয়ন হবে বলে মন্তব্য করেন তিনি।
 
এদিকে গত বুধবার আসন্ন পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নেয়ায় ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি চিরঞ্জীব বিশ্বাস সানির সভাপতি পদ স্থগিত ঘোষণা করা হয়েছে। 
 
জানা গেছে, পৌর নির্বাচনে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় ছাত্রলীগের একাধিক টিম আলাদা আলাদাভাবে কাজ করছে দলীয় প্রার্থীর পক্ষে। এদিকে মহিলা আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিনু  চৌধুরী বলেন, পৌর নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীদের পক্ষে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় ভোট চাচ্ছেন সংগঠনের নেতাকর্মীরা। 
 
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে তৃণমূলে আরো শক্তিশালী করতে হলে দল সমর্থিত প্রতিটি মেয়র প্রার্থীকে বিজয় করতেই হবে। এ জন্য কেন্দ্রের নির্দেশমত জেলা-উপজেলার মহিলা আওয়ামী লীগের নেত্রীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। একইভাবে পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর জয় পেতে কাজ যাচ্ছেন আওয়ামী কৃষক লীগ, আওয়ামী আইনজীবী পরিষদ ও আওয়ামী তাঁতি লীগ, আওয়ামী মৎসজীবি লীগের নেতাকর্মীরা। 
 
ঢাকা মহানগর সহ-সভাপতি এস এম জোবায়ের বাবু বলেন, আমরা কেন্দ্রীয় নেতার নির্দেশে একাধিক টিম পৌর নির্বাচনে মাঠে কাজ করছি। তিনি বলেন, এতে দল সমর্থিত প্রার্থীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। এদিকে আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতারা মনে করেন, দল ও সরকারের ভিন্ন ভিন্ন কৌশলে আগেই বিএনপির আন্দোলন মাঠে মারা গেছে। পৌসভা নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির আন্দোলনের সম্ভাবনা খুবই কম। আর আন্দোলন কিংবা সহিংসতা না থাকায় সরকারের ওপর কোনো চাপও নেই। সুতরাং বিএনপি যদি এ মুহূর্তে পৌরসভা নির্বাচন থেকে সরেও যায় তাতে সরকারের কোনো ক্ষতি হবে না। বরং বিএনপি আরো বিপর্যয়ের দিকে ধাবিত হবে। এ ছাড়া চলমান উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন হতে থাকলে সাধারণ মানুষের মাঝেও সরকারের জনপ্রিয়তার ঘাটতি হবে না। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top