সেবা ডেস্ক: কলম্বিয়ায় মশাবাহিত জিকা ভাইরাসে আক্রান্ত গর্ভবতী নারীর সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে গেছে। দেশটির জাতীয় স্বাস্থ্য প্রতিষ্ঠান শনিবার এই তথ্য জানিয়েছে।
এর আগে দেশটির প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস এই সংখ্যা প্রায় তিন হাজারের বেশি বলে উল্লেখ করেছিলেন। দেশটির জাতীয় স্বাস্থ্য প্রতিষ্ঠানের এপিডেমিওলোজি বুলেটিনে বলা হয়েছে, কলাম্বিয়ায় বর্তমানে প্রায় ৩১,৫৫৫ জন জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে গর্ভবতী নারীর সংখ্যা ৫,০১৩ জন। এক সপ্তাহে দেশটিতে জিকা আক্রান্তের হার ২৩ শতাংশ বেড়েছে। গর্ভবতী নারীর ক্ষেত্রে এই হার ৫৭ দশমিক ৮ শতাংশ।
স্বাস্থ্য প্রতিষ্ঠানটি আরো জানিয়েছে, জিকা আক্রান্ত গর্ভবতী নারীদের ২৯ দশমিক ৪ শতাংশই নর্তে দে সানতানদার প্রদেশের। প্রদেশটির সঙ্গে ভেনেজুয়েলা সীমান্ত রয়েছে। কলম্বিয়ার কর্তৃপক্ষ সন্তান ধারণে ইচ্ছুক নারীদের ছয় থেকে আট মাস অপেক্ষা করার জন্য অনুরোধ জানিয়েছে। সম্প্রতি ছোটমাথা নিয়ে জন্মগ্রহণকারী ৪,০০০ শিশুর সঙ্গে জিকা ভাইরাসের কোনো যোগসূত্র রয়েছে কিনা এ বিষয়টি পরীক্ষা করছে ব্রাজিল। মেডিক্যাল পরিভাষায় শিশুদের ছোট মাথা বা ত্রুটিযুক্ত মস্তিষ্ক নিয়ে জন্মানোর সমস্যাটিকে বলা হয় ‘মাইক্রোসেফালি’।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।