গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে নতুন গঠিত ১২টি গার্মেন্টস শ্রমিকদের জোট গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন।
বৃহস্পতিবার রাজধানীর ২৩/২ তোপখানা রোডের নির্মল সেন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে নতুন এ জোটের সমন্বয়ক ও গার্মেন্টস ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু এ দাবি জানান।
গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন এ সংবাদ সম্মেলন আয়োজন করে।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে মোশরেফা মিশু বলেন, ‘বর্তমান বাজারে গার্মেন্টস শ্রমিকদের ৬ সদস্যের একটি পরিবারের বেঁচে থাকার জন্য প্রতি মাসে ন্যূনতম ২৩ হাজার ২৭০ টাকা দরকার। তাই বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে গার্মেন্টস শ্রমিকেদের মজুরি বাড়ানোর কোনো বিকল্প নেই।’
তিনি বলেন, ‘সার্বিক অবস্থা বিবেচনায় এনে আমরা এ বছরের জন্য গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মূল (বেসিক) মজুরি ১০ হাজার টাকা এবং ন্যূনতম মোট মজুরি ১৬ হাজার টাকা দেওয়ার দাবি জানাচ্ছি। গার্মেন্টস শ্রমিকদের মজুরি কোনো অবস্থাতেই ১৬ হাজার টাকার নিচে দেওয়া চলবে না।’
নারী শ্রমঘন সব কারখানায় “যৌন নিপীড়ন বিরোধী নীতিমাল” তৈরি করে নারী শ্রমিকদের যৌন হয়রানি থেকে সুরক্ষা দিতে হবে। এসব দাবি ছাড়াও ২৩ দফা দাবি তুলে ধরেন গার্মেন্টস শ্রমিকদের এই নেত্রী।
সংবাদ সম্মেলনে বলা হয়, দাবি আদায়ের লক্ষ্যে ২৫ মে মজুরি বোর্ডে, ১ জুন বিজিএমইএ ও ৫ জুন নারায়ণগঞ্জে বিকেএমইএ তে স্মারকলিপি দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গার্মেন্টস টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের শামীম ইমাম, গার্মেন্টস শ্রমিক সভার ডা. শামছুল আলম প্রমুখ।