সৌদিতে নারীকর্মীর সঙ্গে দুজন পুরুষকর্মী যাওয়া শুরু

Seba Hot News
সৌদিতে নারীকর্মীর সঙ্গে দুজন পুরুষকর্মী যাওয়া শুরুসেবা ডেস্ক: 
 মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে একজন নারী গৃহকর্মীর সঙ্গে দুজন করে পুরুষকর্মী (ডোমেস্টিক) যাওয়া শুরু হয়েছে। নারীকর্মীর মতোই পুরুষকর্মীও বিনা খরচে সৌদিতে যাওয়ার এ সুযোগ পাচ্ছেন।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বহির্গমন শাখার পরিচালক এ কে এম টিপু সুলতান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সৌদিতে যাওয়া প্রত্যেক নারীকর্মীর সঙ্গে একজন করে নিকটাত্মীয় (বাবা, ভাই, ছেলে ও স্বামী) এবং সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির কোটায় একজন করে যাবেন। অলরেডি এটি যাওয়া শুরু হয়েছে কাল (বুধবার) থেকে। সব এজেন্সিই কিছু কিছু ভিসা পেয়ে গেছে।’
এ ব্যাপারে সৌদি আরবে নারীকর্মী পাঠানো প্যান্টাগন ইন্টারন্যাশনালের মালিক শাহাদত হোসেন দ্য রিপোর্টকে বলেন, ‘যেসব এজেন্সি ২০০ জনের বেশি নারী পাঠাবে তারাই কেবল একজন নারীকর্মীর সঙ্গে তার নিকটাত্মীয়ের পাশাপাশি বোনাস হিসেবে প্রতিটি এজেন্সি একজন করে পুরুষকর্মী পাঠাতে পারবে। ড্রাইভার, হাউস ওয়ার্কার, ফারমার বা রাখাল নেবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশ এবং সৌদি সরকারের অধীনে উভয় দেশের রিক্রুটিং এজেন্সি ও কোম্পানির সঙ্গে চুক্তি রয়েছে। এ চুক্তির আলোকে আমাদের রিক্রুটিং এজেন্সি ওখানকার কোম্পানির সঙ্গে যোগাযোগ করে পুরুষকর্মীর ভিসা সংগ্রহ করবে।’
গত বছরের (২০১৫) ফেব্রুয়ারিতে সৌদি আরবে নারীকর্মী পাঠাতে চুক্তিতে সই করে বাংলাদেশ। প্রতিমাসে ৫০ হাজার কর্মী নেওয়ার চাহিদা দেয় দেশটি। কিন্তু, নিরাপত্তাহীনতা ও নানা নির্যাতনের আশঙ্কায় এ পরিমাণ কর্মী যাচ্ছিল না সৌদিতে। অনেকে আবার নির্যাতনের শিকার হয়ে দেশেও ফিরে আসছিলেন।
এমতাবস্থায় চলতি বছরের জানুয়ারি মাসে সৌদি আরব সফর শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, ‘সৌদি আরবে একজন নারী গৃহকর্মীর সঙ্গে একজন করে তাদের নিকটাত্মীয় পুরুষকর্মীও যাবে।’
মন্ত্রী তখন বলেন, ‘আমরা সৌদি আরব সফরে দেশটির শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। আমরা সেখানে যাওয়া নারীদের নিরাপত্তাজনিত নানা সমস্যার কথা তুলে ধরি। এরপর সে দেশের মন্ত্রী প্রত্যেক নারীকর্মীর সঙ্গে একজন করে নিকটাত্মীয় পুরুষ নেওয়ার কথা বলেন।’
এ ক্ষেত্রে দুই লাখ নারীকর্মী গেলে এর সঙ্গে দুই লাখ পুরুষকর্মী পাঠানোর কথা জানান তিনি।
তিনি বলেন, ‘দুই দেশের উচ্চপর্যায়ে আলোচনা হয়েছে। এখন জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ বসে আলোচনার মাধ্যমে এ প্রক্রিয়ার চুক্তি সই করবে। এরপর জনশক্তি রফতানি শুরু হবে। খুব শিগগিরই এ চুক্তি হবে।’
নুরুল ইসলাম বলেন, ‘নিকটাত্মীয় বলতে, নারীর স্বামী, ভাই বা কাজিন অথবা এসব নিকটাত্মীয় না থাকলে যে কোনো পরিচিত পুরুষকর্মীকে নিয়ে যেতে পারবেন। এ ক্ষেত্রে নারীদের মতোই পুরুষদেরও কোনো অভিবাসন খরচ হবে না। আর তাদেরকে কাজ দিয়ে নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘যেসব নারীকর্মী সৌদিতে যাচ্ছেন, তাদের নিরাপত্তার স্বার্থেই আমরা এসব খাতে পুরুষকর্মী পাঠাতে চাই। যাতে নারীদের যে কোনো আপদ-বিপদে তারা পাশে দাঁড়াতে পারেন। কারণ একজন নিকটাত্মীয় বা কোনো পরিচিত পুরুষ আশপাশে থাকলে নারীরা সেখানে নিরাপদ বোধ করবেন।’
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান