থানার গোপনীয় তথ্য ফাঁস ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে সাত রাইটারকে আটক করেছে যশোর কোতয়ালী থানা পুলিশ। সোমবার সন্ধ্যার দিকে তাদের থানায় ডেকে এনে আটক দেখিয়ে পরে থানা হাজতে রাখা হয়েছে।
আটকরা হলেন— ওহিদুজ্জামান (৪৯), আসলাম হোসেন (৪৮), জামাল হোসেন (৩৬), শরিফুল ইসলাম (৩৪), মহাসিন হোসেন (৩৪), মনির হোসেন (২৮) ও রিপন হোসেন (৩৫)।
কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) শ্যামলাল নাথ জানান, কিছু কিছু মামলার চূড়ান্ত রিপোর্টে কাউকে সংযুক্ত করা বা কাউকে মামলা থেকে বাদ দেওয়া হয়। রাইটাররা টাকার বিনিময়ে এ সব বিষয় আগে থেকেই মামলার আসামিপক্ষ ও বাদীপক্ষকে জানিয়ে দিত। এমন আরও কিছু অভিযোগের ভিত্তিতে রাইটারদের আটক করা হয়েছে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন দ্য রিপোর্টকে বলেন, ‘বিপদগ্রস্তরা থানায় এসে রাইটারদের কাছে যায় অভিযোগ লেখাতে। এ সময় তারা কারো কারো কাছ থেকে দেড় থেকে দু’হাজার টাকা হাতিয়ে নিত। এ কারণে মূলত তাদের আটক করা হয়েছে।’
তিনি আরও জানান, রাইটাররা যদি লিখিত দেয় যে তারা এ এলাকায় ছেড়ে চলে যাবে এবং কোনোদিন মানুষকে হয়রানি করবে না- তাহলে এবারের মত ছেড়ে দেওয়া যেতে পারে।
যে কোন মামলার তদন্ত রিপোর্ট লেখার জন্য থানায় বেশ কয়েকজন কর্মকর্তার নিজস্ব রাইটার রয়েছে, এমন অভিযোগ অস্বীকার করেছেন ওসি ইলিয়াস হোসেন।