আমি রাজনীতির শিকার : সেলিম ওসমান

Seba Hot News
 
আমি রাজনীতির শিকার : সেলিম ওসমান



 
সেবা ডেস্ক:  নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, স্কুলশিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্চনা ও শারীরিক নির‌্যাতনের ঘটনায় তিনি ‘রাজনীতির শিকার’ হয়েছেন ।
সেলিম ওসমান বলেছেন, ‘সেদিনের ঘটনা আমি রাজনৈতিক শিকার হয়েছি। আমাকে ফাঁসানো হয়েছে। একটি গ্রুপ প্রচণ্ড মেধা খাটিয়ে কাজটি সেরেছেন। কারণ ঘটনার পর যেভাবে আওয়ামী লীগের মন্ত্রী ও নেতারা আমার বিরুদ্ধে বক্তব্য রেখেছেন তাতে অনেক কিছু সন্দেহ পোষণ হয়।’
বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনদের সঙ্গে মতবিনিময়কালে সেলিম ওসমান এসব কথা বলেন।
স্কুল শিক্ষককে কানে ধরে উঠবসের ঘটনায় আবারও ‘দুঃখ ও লজ্জা’ প্রকাশ করে সেলিম ওসমান বলেন, ‘পেছনের ঘটনা কেউ প্রকাশ করেনি। শিক্ষককে যখন আমি জনরোষ থেকে রক্ষা করেছিলাম তখন ওই শিক্ষক নিজেই অবস্থা থেকে রক্ষার জন্য আমাকে অনুরোধ করেছিল। আমি সে কাজটিই করেছি। সেই শিক্ষককে শিক্ষা মন্ত্রণালয় পুনর্বহাল করেছে তাতে আমার কোনো আপত্তি নাই।’
তদন্তের বিষয়ে সেলিম ওসমান বলেন, ‘বারবার স্কুলের শিক্ষার্থীদের বক্তব্য নিয়ে তাদের টর্চারিং করা হচ্ছে। তাদেরকে মিথ্যেবাদী বানানো হচ্ছে।’
তিনি প্রশ্ন ছুড়ে বলেন, ‘আমি শিক্ষককে কানে ধরে উঠবস করানোর কারণে যদি অন্যায় করে থাকি তাহলে এক ছাত্রকে মারধর করেও তো শিক্ষক অন্যায় করেছে। কই এখন তো হাইকোর্ট কিছু বলে না। এখন তো কেউ বলে না শিক্ষার্থী প্রহারে হাইকোর্টের নিষেধাজ্ঞাকে অমান্য করা হচ্ছে। বিচার কী শুধু একটাই।’
শিক্ষক শ্যামল কান্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘ঘটনার পর আমি শ্যামল কান্তি ভক্তের চিকিৎসার ব্যবস্থা করেছিলাম। ভারতের ভেলুরে পাঠানোর ব্যবস্থা করছিলাম। পকেট খরচের জন্য ২০ হাজার টাকাও দিয়েছি। কিন্তু ওনি ফোন করে জানালেন, তার তিন মেয়ের বিয়ে বাবদ ৯০ লাখ টাকা ছাড়াও এক কোটি টাকা দিতে হবে। এ প্রস্তাব পাওয়ার পর থেকেই আমি তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি।’
বন্দরের ঘটনার পর সর্বত্র আন্দোলন ও কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ‘শুনেছি ২৭ মে শুক্রবার নারায়ণগঞ্জে বিভিন্ন মাদ্রাসার লোকজন আন্দোলন করবে। আমি সবাইকে অনুরোধ করবো এখন থেকে সব আন্দোলন কর্মসূচি বাদ দিয়ে দোয়া করুন আমার জন্য। আমি সবাইকে শান্ত থাকার আহবান জানাচ্ছি।’
সেলিম ওসমান বলেন, ‘এখনো পঞ্চায়েত, স্থানীয় সরকার ব্যবস্থা রয়েছে। বন্দরের ঘটনায় স্থানীয় সবাই আমাকে চাপ দিয়েছিল। সে কারণে আমি একজন নাস্তিকের বিচার করেছি। যদি সেটা করা না হয়, তাহলে ভবিষ্যতে আর এ ধরনের কার্যক্রম কোন জনপ্রতিনিধিরা করতে না। এ বিচারের জন্য যদি আমাকে ফাঁসির কাষ্ঠেও যেতে হয় তাহলেও আমি যেতে প্রস্তুত।’
সেলিম ওসমান জানান, মঙ্গলবার সংবাদ সম্মেলন করতে চাইলেও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের নির্দেশে সেই সংবাদ সম্মেলন তিনি করেননি।
তিনি বলেন, ‘স্যার (এরশাদ) সেলিম তো আল্লাহর ওলি হয়ে গেছ। দেশের কোটি কোটি মানুষ তোমার জন্য দোয়া করছে। সংবাদ সম্মেলন করে কি হবে। তোমার জন্য মানুষ দুই হাত তুলছে। তোমার সঙ্গে দেশের মানুষ আছে, তোমার সঙ্গে আমি আছি, জাতীয় পার্টি আছে, আল্লাহ আছে। তুমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আছো ও থাকো। এখন এসব নিয়ে কথা বলতে যেও না।’
এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে কিছুটা আবেগ আপ্লুত হয়ে কেঁদে দেন সেলিম ওসমান।
তিনি বলেন, ‘১৩ মে রাতে আমাকে থাইল্যান্ড যাওয়ার কথা ছিল। কিন্তু যেতে পারি নাই। আমার ওষুধ শেষ, মেডিক্যাল চেকআপ করানো প্রয়োজন করতে পারছি না। আমি জমজমের পানি খেয়ে ওষুধের কাজ চালাচ্ছি। যতদিন পর্যন্ত বন্দরের ঘটনার পরিপূর্ণ সুরাহা না হবে ততদিন পর্যন্ত আমি জমজমের পানি খেয়েই ওষুধের কাজটি চালাবো।’
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান