সেবা ডেস্ক: দেশের উত্তরে অবস্থিত কুড়িগ্রাম জেলা। ৯টি উপজেলা নিয়ে ১৯৮৪ সালে এ জেলা গঠিত হয়। কিন্তু যোগাযোগব্যবস্থার স্বার্থে রৌমারী ও রাজীবপুর উপজেলা এ জেলা থেকে বাদ পড়তে পারে।উপজেলা দুটি জামালপুর অথবা শেরপুরের আওতায় নেওয়া হতে পারে। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (উপ-আঞ্চলিক সহযোগিতা সেল) সুব্রত রায় মৈত্র এ সংক্রান্ত পরিদর্শন প্রতিবেদন জমা দিয়েছেন। এরপর তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরে পাঠিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে দেখা গেছে, কুড়িগ্রাম জেলার সদর থেকে রাজীবপুর উপজেলার যোগাযোগব্যবস্থা অত্যন্ত জটিল ও ঝামেলাপূর্ণ। এ ছাড়া সময় ও ব্যয়সাপেক্ষ। মাত্র ৩টি ইউনিয়ন নিয়ে রাজীবপুর উপজেলা। এর বিরাট অংশ নদীর চর। সাধারণ মানুষের পক্ষে রাজীবপুর উপজেলা থেকে কুড়িগ্রাম জেলা সদরে যেতে কমপক্ষে ৪-৫ ঘণ্টা লাগে। বীরপ্রতীক তারামন বিবির বাড়ি এ রাজীবপুরেই। অন্যদিকে রাজীবপুর উপজেলা থেকে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার দূরত্ব মাত্র ৩৫ কিলোমিটার এবং সড়কপথে যোগাযোগব্যবস্থা রয়েছে। তা ছাড়া বিদ্যুৎসহ অন্য সেবা সংস্থার অফিসের অবস্থান জামালপুর জেলার তুলনামূলক কাছাকাছি স্থানে। একই অবস্থা রৌমারী উপজেলারও। সেখানকার মানুষ জামালপুর বা শেরপুর জেলায় অন্তর্ভুক্ত হতে আগ্রহী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে রংপুর ও কুড়িগ্রাম জেলার যোগাযোগব্যবস্থা উন্নয়নে ঢাকা থেকে কুড়িগ্রামের চিলমারী পর্যন্ত আন্তঃনগর ট্রেন সার্ভিস চালুর সুপারিশ করা হয়েছে। গত ২৬ এপ্রিল স্বাক্ষরিত পরিদর্শন প্রতিবেদনে বলা হয়, ওই জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ মূলত বাসে। উলিপুর উপজেলা থেকে ঢাকা রুটে বাস চলাচল করে। আর জেলার চিলমারী উপজেলা পর্যন্ত রেললাইন আছে এবং লোকাল ট্রেন চলাচল করে। কিন্তু ঢাকার সঙ্গে কুড়িগ্রামের কোনো রেল যোগাযোগ নেই। বর্তমানে ঢাকা থেকে রংপুরের কাউনিয়া পর্যন্ত রংপুর এক্সপ্রেস এবং লালমনিরহাট পর্যন্ত লালমনি এক্সপ্রেস নামে দুটি আন্তঃনগর ট্রেন চলে। গত ১৫ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রাম জেলা সফরকালে রেল যোগাযোগের প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, ১৮৭৫ সালের ২২ এপ্রিল কুড়িগ্রাম, লালমনিরহাট, উলিপুর, চিলমারী, রৌমারী, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও ফুলবাড়ীÑ এ আটটি থানা নিয়ে কুড়িগ্রাম মহকুমার জন্ম হয়। এরপর ১৯৮৪ সালের ২৩ জানুয়ারি কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, রাজারহাট, উলিপুর, চিলমারী, রৌমারী ও রাজীবপুর, ফুলবাড়ী এ ৯টি উপজেলা নিয়ে কুড়িগ্রাম জেলায় উন্নীত হয়।