সেবা ডেস্ক: গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে চাঁদার দাবিতে মোকছেদ আলী সেন্টু নামে এক ব্যবসায়ীকে হত্যার দায়ে চারজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অপর একটি ধারায় প্রত্যেককে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়।রোববার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ ফজলে এলাহী ভূঁইয়া এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- টঙ্গীর এরশাদ নগর এলাকার মোঃ রুবেল ওরফে টাইগার রুবেল (৩৫), একই এলাকার বাবু (৩২) ও আশরাফ আলী (৩১) এবং টঙ্গীর আউচপাড়া এলাকার ছলেমান (৩১)।
মামলার রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি মোঃ মকবুল হোসেন কাজল ও আতাউর রহমান জানান, চাঁদার দাবিতে ২০০৬ সালের ২৭ জানুয়ারি রাত সোয়া ১০টার দিকে আসামিরা কুপিয়ে টঙ্গীর এরশাদ নগর এলাকার বাড়ির পাশেই মোহাম্মদ আলীর ছেলে মোকছেদ আলী সেন্টুকে হত্যা করে।
এ ব্যাপারে নিহতের পিতা বাদি হয়ে টঙ্গী থানায় মামলা করেন। শুনানী শেষে রোববার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ ফজলে এলাহী ভূঁইয়া হত্যার ঘটনায় প্রত্যেককে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং চাঁদা দাবির ঘটনায় প্রত্যেককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।