সেবা ডেস্ক: ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতের আগেই ভোলার তজুমদ্দিনে গতরাতে আঘাত হেনেছে টর্নেডো। এ সময় ঘরচাপায় একজন শিশু ও দুই গৃহবধূ নিহত হয়েছে। প্রায় এক মিনিট স্থায়ী আকস্মিক এ টর্নেডোর আঘাতে তজুমদ্দিন উপজেলা লণ্ডভণ্ড হয়ে গেছে। এ সময় পাঁচ শতাধিক ঘর ও তিন শতাধিক দোকান বিধ্বস্ত হয়েছে।
টর্নেডোর আঘাতে সহস্রাধিক বড় বড় গাছ উপড়ে পড়েছে। এতে বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ সংযোগ। ঝোড়ো বাতাসে সদর উপজেলার ইলিশা ইউনিয়নের মেঘনা নদীতে বালুবাহী একটি কার্গো জাহাজ ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া ঝোড়ো বাতাসে জেলার দৌলতখান, বোরহানউদ্দিন, লালমোহন, চরফ্যাশন এবং মনপুরা উপজেলার দুই শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গতরাত ৩টার দিকে ভোলার তজুমদ্দিন উপজেলায় আঘাত হানে টর্নেডো। প্রায় এক মিনিট স্থায়ী টর্নেডোর আঘাতে উপজেলার চাঁদপুর ইউনিয়ন লণ্ডভণ্ড হয়ে যায়। টর্নেডোর আঘাতে ওই ইউনিয়নের পাঁচ শতাধিক ঘর বিধ্বস্ত হয়। এ সময় ঘরের নিচে চাপা পড়ে চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শশিগঞ্জ গ্রামের বড় বাড়ির মফিজুল ইসলামের শিশুপুত্র আকরাম (১২) ও একই ইউনিয়নের উত্তর শশিগঞ্জ গ্রামের নয়নের স্বামী রেখা বেগম (৩৫) মারা গেছে। তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন এ দুজনের মারা যাওয়ার খবর নিশ্চিত করেছেন।
জালাল উদ্দিন আরো জানান, প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে নিহত দুই পরিবারকে ৪০ হাজার টাকা দেওয়া হবে। ঘরের নিচে চাপা পড়ে শতাধিক আহত হয়েছেন। পাঁচ শতাধিক ঘর ও তিন শতাধিক দোকান বিধ্বস্ত হয়েছে। মাত্র এক মিনিটেই ঘরের টিনের চাল উড়ে গেছে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শশিগঞ্জ গ্রামের বাসিন্দা রেজাউল হকের স্ত্রী বীরাঙ্গনা মালেকা বেগমের ঘর। মালেকা বেগমের ছেলে পারভেজ কান্নাজড়িত কণ্ঠে আজ শনিবার দুপুরে কালের কণ্ঠকে বলেন, "আমাগো গ্রামের সব ঘর গুড়া গুড়া অইয়া গেছে। কিচ্ছু নাই। সব লণ্ডভণ্ড অইয়া গেছে। আমাগে ঘরের চালা উড়াইয়া লইয়া গেছে। কই পড়ছে হেইডাও জানিনা।"
পারভেজ আরো বলেন, "বিগত প্রায় ২০ বছরেও ঝড়ের এমন তাণ্ডব আমি দেহি নাই।" মাত্র এক মিনিটে টর্নেডো এ তাণ্ডব চালিয়েছে বলেও জানান পরভেজ।
টর্নেডোর আঘাতে সহস্রাধিক বড় বড় গাছ উপড়ে পড়েছে। এতে বিচ্ছিন্ন হয়ে গেছে সড়কের যোগাযোগ ব্যবস্থা। বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ। সরেজমিনে দেখা গেছে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতের আগেই টর্নেডোর আঘাতে বড় বড় গাছ উপড়ে পড়ে তজুমদ্দিন উপজেলার প্রধান সড়ক বন্ধ হয়ে গেছে। এতে ওই উপজেলার সঙ্গে সড়ক পথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ঝড়ো বাতাসের কারণে ঘরের নিচে চাপা পড়ে দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নে জাহাঙ্গীরের স্বামী রানু বেগম (৫০) মারা গেছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান।
ঝড়ো বাতাসে সদর উপজেলার ইলিশা ইউনিয়নের মেঘনা নদীতে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারের বালুবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। বালুবাহী জাহাজটি বরিশাল থেকে আসছিল। জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন জানান, মেঘনায় পাউবোর ঠিকাদারের একটি বালুবাহী কার্গো জাহাজডুবির খবর তিনি শুনেছেন। তবে, মোবাইল নেটওয়ার্কের সমস্যার কারণে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কুসদুস জানান, ঝড়ো বাতাসের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে মেঘনা নদী। এর ফলে উপজেলার পক্ষিয়া ইউনিয়নের নোয়াবের হাট পয়েন্টে বেড়িবাঁধ হুমকির মুখে পড়েছে। যে কোন মুহূর্তে বেড়িবাঁধটি নদীগর্ভে বিলীন হয়ে গেলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই স্থানীয় লোকজনের সহায়তায় বেড়িবাঁধটি রক্ষার চেষ্টা করা হচ্ছে। এদিকে, ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে গতকাল শুক্রবার রাত থেকে ভারি বৃষ্টিপাতের সঙ্গে ঝড়ো বাতাসে ভোলা সদর উপজেলার ভোলা-লক্ষ্মীপুর-বরিশাল-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন এলাকায় বড় বড় গাছ পড়ে ওইসব রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বাতাসে বৈদ্যুতিক তার ছিড়ে ও খুঁটি উপড়ে ভোলা জেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফলে দুপুর ২টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত পুরো জেলা বিদ্যুৎবিহীন রয়েছে।
এ ব্যাপারে ওজোপাডিকো ভোলার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী দুপুরে কালের কণ্ঠকে বলেন, "ঝড়ো বাতাসে ছয়টি বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে যাওয়ায় রেন্টাল থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।" তিনি আরো বলেন, "দ্রুত খুঁটি স্থাপন করে বিদ্যুৎ সরবরাহ করার জন্য ঠিকাদারকে বলা হয়েছে।"
ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে উপকূলীয় দ্বীপজেলা ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী উত্তাল হয়ে ওঠেছে। এর প্রভাবে গতকাল শুক্রবার সকাল থেকে আজ শনিবার দিনভর ভারি বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাস অব্যাহত রয়েছে। ঘূর্ণিঝড় রোয়ানু মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক সতর্কতামূলক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভোলার জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন। তিনি জানান, ঘুর্ণিঝড় রোয়ানু মোকাবেলায় জেলার সাত উপজেলার সব ইউনিয়নের চেয়ারম্যানদেরকেও অবহিত করা হয়েছে। ট্রলারের মালিকদেরকে নিরাপদে থাকতে বলা হয়েছে।
জেলা সদর ও সব উপজেলায় একটি করে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। সব ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। দশ হাজার ২০০ কর্মী মাঠে নেমে এ বিষয়ে প্রচার করে মানুষকে সতর্ক করার করার কাজে নিয়োজিত, যাতে মানুষ ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রগুলোতে দ্রুত আশ্রয় নিতে পারে। ইতিমধ্যে অনেকেই ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। পুলিশ ও কোস্টগার্ড সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে। বিশেষ করে কোসটগার্ডের নৌযানকে প্রস্তত রাখা হয়েছে। সাগর ও নদ-নদীতে ছোট ছোট নৌযানে চলাচল না করার জন্য জনগণকে অবহিত করা হচ্ছে। এ ছাড়া ৯২টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। তাদের যানবাহনকেও প্রস্তুত রাখতে বলা হয়েছে।
সরকারের পক্ষ থেকে টাকা, চাল, গুড়-মুড়িসহ শুকনো খাবার মজুদ রাখা হয়েছে। যাতে আপদকালীন সময়ে সঠিকভাবে দেওয়া যায়। বন বিভাগকে বলা হয়েছে বাতাসে গাছ উপড়ে পড়লে সঙ্গে সঙ্গে তা যেন সরিয়ে রাখা হয়।