সেবা ডেস্ক:
আফগানিস্তানে গত এক দশকের বেশি সময় ধরে চলছে গৃহযুদ্ধ। ভোগান্তির শেষ নেই দেশটির বাসিন্দাদের। দীর্ঘস্থায়ী সেই যুদ্ধের পরিসমাপ্তি ঘটাতে পঞ্চমবারের মতো শুরু হয়েছে শান্তি আলোচনা। যদিও এই আলোচনা সফল হওয়ার আশা ক্ষীণ।
রয়টার্স জানিয়েছে, বুধবার পাকিস্তানে চার জাতির অংশগ্রহণে এ আলোচনা শুরু হয়। অবশ্য তালেবানদের আলোচনার টেবিলে আনতে পারার সম্ভাবনা রয়েছে খুবই কম। নতুন করে বৈঠকে অংশগ্রহণ করতে কাবুল থেকে প্রতিনিধি পাঠানোর প্রস্তাব নাকচ করে দেয় আফগান সরকার। এ পরিবর্তনে ইসলামাবাদে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত তার দেশের প্রতিনিধিত্ব করবেন। পাকিস্তান সরকার তাদের ভূখণ্ডে তালেবানদের আশ্রয় দেয়া বন্ধ না করায় এ পদক্ষেপ নেয় আফগানিস্তান।
আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির মুখপাত্র দাওয়া খান মেনাপাল জানান, ‘আগের বৈঠকগুলোতে পাকিস্তান তাদের করা প্রতিশ্রুতির পূর্ণ বাস্তবায়ন না করা পর্যন্ত আফগানিস্তান থেকে কেউ গিয়ে এই বৈঠকে অংশ নেবে না।’ কাবুলে ট্রাক বোমা হামলায় ৬৪ জন মারা যাওয়ার পর পাকিস্তান থেকে তালেবানদের বিতাড়িত করতে ক্ষোভের সঙ্গে আহ্বান জানিয়েছিলেন ঘানি।