রমজান সমাগত : প্রস্তুতি নিন এখনই

Seba Hot News
সেবা ডেস্ক:  আবারও সমাগত রমজানুল মোবারক। রহমত, বরকত ও মাগফিরাতের বার্তা নিয়ে রমজান আমাদের দ্বারপ্রান্তে উপস্থিত। কয়েক দিন পরই ‘আহলান সাহলান’ বলে বরণ করা হবে পবিত্র মাহে রমজানকে। পুরো একমাস সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভে ব্যাকুল হয়ে উঠবে বিশ্বের সকল মুসলমান।
সকল ধর্মপ্রাণ মুসলমানের কাছে এ মাসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পার্থিব লোভ-লালসামুক্ত থাকা, ত্যাগ-সহিষ্ণুতার সাধনা করা এবং মানবিক মূল্যবোধে তৈরি হওয়ার প্রশিক্ষণে এ মাসের গুরুত্ব অপরিসীম। এই মহান মাসের পরিপূর্ণ ফায়দা হাসিল করতে হলে পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই। রাসুল সা. দুই মাস আগে থেকেই রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন এবং এই দোয়া করতেন ‘আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ও শাবান ওয়া বাল্লিগ না রমাদান’ অর্থ : হে আল্লাহ আমাকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন এবং আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দিন।
মাহে রমজান মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে উম্মতে মুহাম্মদির জন্য বিশেষ উপহার। মহানবী সা. ইরশাদ করেন, রমজানের প্রথম অংশ রহমত, মধ্যমাংশ মাগফিরাত এবং শেষাংশ দোজখ থেকে মুক্তির। এ মাস আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, মাগফিরাত ও ক্ষমা প্রাপ্তির, তার সান্নিধ্য হাসিলের। রমজানে প্রতিটি নেক আমলের বিনিময় ন্যূনতম দশগুণ বৃদ্ধি করে দেয়া হয়, বিতাড়িত শয়তানকে জিঞ্জিরাবদ্ধ করা হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে জান্নাতের দরজা খুলে দেয়া হয়। রমজানে আমলের বিশেষ পরিবেশ তৈরি করা হয়; মুসলমানদের ক্ষমার জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়। তাই সুবর্ণ এ সুযোগকে কাজে লাগিয়ে তাকে সফল করতে এখন থেকেই প্রস্তুতি নেয়া কাম্য।
মাহে রমজান উপলক্ষে সর্বপ্রথম মানসিক প্রস্তুতি প্রয়োজন। আপনি অমূল্য এ মাসকে কীভাবে কাটাবেন? অন্য সময়ের চেয়ে অতিরিক্ত কী করবেন? স্বাভাবিক আমলের অতিরিক্ত আর কী আমল হবে, সে লক্ষ্য এখন থেকে নেয়া প্রয়োজন। আপনার লক্ষ্যই আপনাকে তাড়া করে বেড়াবে।
এছাড়াও আমরা তিন ধরনের প্রস্তুতি গ্রহণ করতে পারি। ১. ব্যক্তিগত ২.পারিবারিক ৩.সামাজিক।
ব্যক্তিগত প্রস্তুতি :
বড় ধরনের কোনো সফর থাকলে তা রোজার আগেই সেরে ফেলতে হবে। যাতে রোজা রেখে কষ্ট করতে না হয়।
যে বাজারগুলো আগেই করা ফেলা সম্ভব (যেমন- শুকনো বাজার), তা রোজার আগেই করে ফেলতে হবে। তাহলে রমজানে আপনার সময় বাঁচবে।
কোরআন তিলাওয়াতের জন্য একটি সময় নির্ধারণ করতে হবে। এই সময়ে আপনি কোরআন তিলাওয়াত করুন। কোরআন পড়তে না জানলে শিখুন।
তাফসির পড়ুন। বাজারে এখন অনেক বাংলা তাফসির পাওয়া যায় (যেমনÑ মায়ারেফুল কোরআন, ফি জিলালিল কোরআন, তাফহিমুল কোরআন।) পছন্দমতো একটি তাফসির গ্রন্থ কিনুন এবং সময়মতো নিয়মিত অধ্যয়ন করুন। তা ছাড়া, বাংলা হাদিস ও ইসলামি সাহিত্য বেশি বেশি পড়ুন।
সময় সুযোগ থাকলে রমজানের শেষ দশ দিন ইতিকাফে বসতে পারেন।
বেশি বেশি ইবাদত করুন। রোজার মাসে একটি ফরজ ৭০টি ফরজ আদায়ের সমান এবং একটি নফল একটি ফরজ আদায়ের সমান সওয়াব। তাই মহান আল্লাহর এ স্পেশাল অফার গ্রহণে আমাদের উৎসাহী হওয়া একান্ত জরুরি।
রমজানের পবিত্রতা রক্ষায় বিশেষ পরিকল্পনা নিন। কোনো বদ অভ্যাস থাকলে তা ছাড়ার দৃঢ় সিদ্ধান্ত নিন। পরিবারের সদস্যদের মধ্যে কেউ যাতে বে-রোজাদার না থাকে তার জন্য রমজানের পূর্বেই তাদের সতর্ক করুন। আপনার পয়সায় আপনার ঘরে দিনের বেলায় পবিত্র রমজানে শিশু ও অক্ষম বৃদ্ধ ছাড়া অন্যের অন্নসংস্থানের সব পথ বন্ধ করে দিন।
পারিবারিক প্রস্তুতি :
পারিবারিক মিটিংয়ের মাধ্যমে রমজানের মাহাত্ম্য, ফাজায়েল ও করণীয় কী, সেটা আলোচনার মাধ্যমে পরিবারের সবাইকে প্রস্তুতি গ্রহণে সাহায্য করা।
পরিবারের ছোট-বড় সবাইকে নিজ নিজ প্রস্তুতি বলা ও তাদেরও প্রস্তুতি গ্রহণে সাহায্য করা।
পরিবারের সবাই মিলে কাজগুলো ভাগ করে নেওয়া, একে অপরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া।
সামাজিক প্রস্তুতি :
নিজ প্রতিবেশীদের খোঁজ নেওয়া, তাদের সঙ্গে রমজানের প্রস্তুতিমূলক আলোচনা করে তাদেরও সহায়তা করা।
স্থানীয় মসজিদগুলোতে রমজানকেন্দ্রিক কী আয়োজন ও পরিকল্পনা রয়েছে, তা জানা এবং প্রয়োজনীয় সাহায্য নিয়ে এগিয়ে আসা। মসজিদে কারা ইতিকাফে বসবেন, তা জেনে নেওয়া, প্রয়োজনীয় সহায়তায় এগিয়ে আসা!
রমজানের পূর্বেই হালকার মাধ্যমে রমজানবিষয়ক আলোচনা করা। নারী ও পুরুষরা যার যার অঙ্গনে বা পরিসরে করতে পারেন, সুযোগ থাকলে পর্দার পরিবেশ তৈরি করে যৌথভাবেও করা যায়।
সকলে মিলে সমাজের অবহেলিত, অনাহারী মানুষগুলোর জন্য সেহ্‌রি ও ইফতারের ব্যবস্থা বা উদ্যোগ গ্রহণ করা। একে অপরকে উৎসাহিত করা।
রমজান ইবাদতের মাস। আল্লাহর নৈকট্য লাভের মাস, ঈমান নবায়ন করার এবং গুনাহ মাফ করানোর মাস। যে ব্যক্তি রমজান পেয়েও নিজের গুনাহ মাফ করাতে পারল না আল্লাহর রাসুল সা. তাকে ধিক্কার জানিয়েছেন। তাই এই মহান মাসটি কীভাবে কাটাবেন, আগে থেকেই প্রস্তুতি নিন। আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান