রোয়ানু : তিন জেলায় ৮ জনের মৃত্যু

Seba Hot News
সেবা ডেস্ক:  ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে ভারী বর্ষণ ও ঝড়ে গাছচাপা পড়ে শনিবার (২১ মে) বেলা ৩টা পর্যন্ত চট্টগ্রাম, ভোলা ও পটুয়াখালীতে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এর মধ্যে চট্টগ্রামে মা-ছেলেসহ তিনজন, ভোলায় শিশুসহ তিনজন ও পটুয়াখালীতে একজন মারা গেছেন।
অফিস ও জেলা প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর
চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় গাছচাপা পড়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ছাড়া টিনের চাল উড়ে একজনের মৃত্যু হয়। দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মহানগরীর ষোলশহরের দুই নম্বর গেট এলাকায় ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে টিনের চাল উড়ে রাজিব (১৩) নামে এক শিশু মারা যায়।
এর আগে সকালে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে সীতাকুণ্ড উপজেলায় বড় গাছ চাপা পড়ে মা কাজল বেগম (৫০) ও তার ছেলে বেলাল প্রকাশ আবু (১০) মারা যায়।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা মামুনুর রশীদ দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, রোহানুর প্রভাবে সৃষ্ট ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়ায় গাছচাপা পড়ে দু’জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে সীতাকুণ্ড ও কুমিরা স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছে।
ভোলা : রোয়ানুর প্রভাবে সৃষ্ট ঝড়ো হাওয়ায় ভোলার তজুমদ্দিনে গাছচাপা পড়ে দু’জন, লালমোহন ও দৌলতখানে দু’জনসহ মোট ৪জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া ঝড়ে দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এবং তিন শতাধিক ঘরবাড়ি ও দোকানপাট বিধ্বস্ত হয়েছে।
মৃতরা হলেন—তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ গ্রামের মফিজের ছেলে মো. আকরাম (১২), একই এলাকার মো. নয়নের স্ত্রী রেখা বেগম (২৫), লালমোহন উপজেলার বাংলাবাজার এলাকার মো. ইউনুস (৫৫) ও দৌলতখানের রানু বিবি (৫৫)।
তজুমদ্দিন উপজেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (পিআরও) মো. রাশেদ খান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত ৩টার দিকে হঠাৎ ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে ঝড়ো হাওয়া আঘাত হানে। এতে গাছচাপা পড়ে শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এক নারী এবং সকাল সাড়ে ৬টার দিকে এক শিশুর মৃত্যু হয়। এ ছাড়া লালমোহন উপজেলার বাংলাবাজার এলাকায় ঝড় আতঙ্কে মো. ইউনুস নামে একজন মারা গেছেন।
তিনি আরও জানান, রোয়ানুর প্রভাবে তজুমদ্দিন উপজেলায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ছাড়া ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে সৃষ্ট ঝড়ে মনপুরা ও লালমোহন উপজেলায়ও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। মনপুরায় শতাধিক ব্যক্তি আহত এবং অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। একইভাবে লালমোহন উপজেলায় অর্ধশতাধিক ব্যক্তি আহত এবং ৩০টির মত ঘরবাড়ি ও দোকানপাট বিধ্বস্ত হয়েছে।
পটুয়াখালী : জেলার দশমিনায় পটুয়াখালীর দশমিনার চরলক্ষ্মীপুর এলাকার নায়া বিবি (৫৫) নামে একজন মারা গেছেন।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, রোয়ানুর প্রভাবে সৃষ্ট ঝড়ে ঘরচাপা পড়ে একজন মারা গেছেন।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান