সেবা ডেস্ক:
বাংলাদেশ ব্যাংকের ‘যুগ্ম-পরিচালক’ হিসেবে পরিচয় দেওয়ার অভিযোগে ফরহাদ মাহমুদ নামে এক প্রতারককে আটক করেছে শেরপুর সদর থানা পুলিশ।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার বেলা দুইটার দিকে শহরের মুন্সিবাজার শহীদ বুলবুল সড়ক এলাকায় যমুনা ব্যাংক শেরপুর শাখা থেকে ওই প্রতারককে আটক করা হয়।
আটক ফরহাদ (৩০) নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজানী গ্রামের মৃত ফয়জুল্লার ছেলে।
যমুনা ব্যাংক শেরপুর শাখা ব্যবস্থাপক মো. আবুল কালাম জানান, ফরহাদ নিজেকে বাংলাদেশ ব্যাংকের ‘যুগ্ম-পরিচালক’ হিসেবে নিজেকে দাবি করে শেরপুর শাখায় এসে কাগজপত্র ঘাঁটাঘাঁটি করেন। ব্যাংকের অভ্যন্তরের চিত্র মোবাইল ফোনে ধারণ করেন। তখন নানা বিষয়ে খোঁজখবর নিতেও শুরু করেন।
আবুল কালাম বলেন, ‘তখন আমাদের সন্দেহ হলে বাংলাদেশ ব্যাংকে যোগাযোগ করি। বাংলাদেশ ব্যাংক আমাদের জানায়, ফরহাদ মাহমুদ নামে তাদের কোনো কর্মকর্তা নেই। পরে আমরা তৎক্ষণাৎ থানায় খবর দিলে পুলিশ এসে তাকে হাতেনাতে গ্রেফতার করে।’
ওসি নজরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরহাদ নিজেকে ভুয়া কর্মকর্তা হিসেবে স্বীকার করেছে। একইসঙ্গে বিভিন্ন ব্যাংকে গিয়ে অডিট বা বিভিন্ন কাগজপত্রে অসঙ্গতির ভয়ভীতি দেখিয়ে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে বলেও স্বীকার করেছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আরো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।