শিগগির সংসদ ভবনের মূল নকশা বাস্তবায়নের কাজ শুরু

Seba Hot News
শিগগির সংসদ ভবনের মূল নকশা বাস্তবায়নের কাজ শুরুসেবা ডেস্ক:
সংসদ ভবনের মূল স্থাপত্য সৌন্দর্য অটুট রাখা এবং এর মর্যাদা সমুন্নত রাখতে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের আর্কাইভে রক্ষিত লুই আই কানের মূল ৮৫৩টি নকশা খুব শিগগির দেশে এনে তার আলোকে কার্যক্রম গ্রহণ করা হবে। একই সঙ্গে সংসদ ভবনের সুরক্ষার্থে বন্ধ হয়ে থাকা প্রাচীর নির্মাণের কাজও অতিদ্রুত শুরু করা হবে।
জাতীয় সংসদ ভবনে বুধবার অনুষ্ঠিত সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এসব তথ্য জানানো হয়।
কমিটি সূত্রে জানা গেছে, বৈঠকে নবম জাতীয় সংসদের প্রথম থেকে শেষ অধিবেশন পর্যন্ত এবং চলমান দশম জাতীয় সংসদে সম্প্রতি সমাপ্ত অধিবেশন পর্যন্ত সময়ে সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রীর দেওয়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রতিশ্রুতির ওপর আলোচনা হয়।
এ সময় জানানো হয়, নবম জাতীয় সংসদের প্রথম থেকে শেষ অধিবেশন পর্যন্ত এবং দশম জাতীয় সংসদে সম্প্রতি সমাপ্ত অধিবেশন পর্যন্ত সময়ে সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে মোট ১৫টি প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর মধ্যে ৬টি প্রকল্প সম্পূর্ণ বাস্তবায়িত হয়েছে। আরও ৮টি প্রকল্প চলমান রয়েছে। তবে একটি প্রকল্প স্থগিত রয়েছে। সংসদ ভবনের মূল নকশা হাতে না থাকায় সেই প্রকল্পটি বাস্তবায়ন করা যাচ্ছে না।
উল্লেখ্য, নকশার ব্যত্যয় ঘটিয়ে সাবেক দুই রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও হুসেইন মুহম্মদ এরশাদ সংসদ ভবন এলাকার ভেতরেই গড়ে তোলেন মাজার ও কবরস্থান। এর মধ্যে সংসদ ভবনের উত্তরে চন্দ্রিমা উদ্যানের মাঝখানে ৭৪ একর জায়গাজুড়ে নিয়ে গড়ে তোলা হয় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান-এর মাজার কমপ্লেক্স। আর জিয়া ও এরশাদের শাসনামল মিলিয়ে সংসদ ভবনের দক্ষিণ-পশ্চিম কোণে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত লাগোয়া স্থানে পাঁচ বিঘারও বেশি জায়গাজুড়ে ‘জাতীয় কবরস্থান’ নাম দিয়ে আরও অন্তত সাতজনকে সমাধিস্থ করা হয়।
এ ছাড়া বৈঠকে রাজধানী ঢাকার জলাবদ্ধতা নিরসনে নিচু জমি ভরাট বন্ধ করা এবং গুলশান লেকের সৌন্দর্য বর্ধনের কাজ দ্রুতগতিতে শেষ করার তাগিদ দেওয়া হয়েছে।
কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. আব্দুল কুদ্দুস, মো. শহীদুজ্জামান সরকার, এ কে এম শাহজাহান কামাল এবং মীর মোস্তাক আহমেদ রবি অংশ নেন। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান