ভারতের আনন্দবাজার পত্রিকায় বুধবার (২৭ জুলাই) এ খবর প্রকাশিত হয়।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, মধ্যপ্রদেশের মন্দসৌরের এই ঘটনায় তীব্র বিভিন্ন মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তবে গণপ্রহারে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে আক্রান্ত দুই মহিলাকেই গ্রেফতার করেছে পুলিশ।
দুই মহিলা প্রচুর পরিমাণ গরুর মাংস নিয়ে স্টেশনে ট্রেন ধরতে এসেছেন বলে পুলিশের কাছে নাকি খবর ছিল। গরুর মাংস বিক্রি করতে যাওয়ার জন্যই তারা ট্রেন ধরতে গিয়েছেন বলে পুলিশ জানতে পারে। গোপন সূত্রে পাওয়া সেই খবরের ভিত্তিতে দুই মুসলিম মহিলাকে মন্দসৌর স্টেশন থেকে পুলিশ মঙ্গলবার গ্রেফতার করে। ওই দুই মহিলাকে গ্রেফতার করা হয়েছে জানতে পেরেই একদল লোক পুলিশের হাত থেকে ওই দুই মহিলাকে কেড়ে নিয়ে শুরু হয় বেধড়ক মারধর। ঘুসি, চড়, লাথি চলতে থাকে। সঙ্গে অশ্রাব্য গালিগালাজ। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সে সময় অনেকে ওই গণপ্রহারের দৃশ্য নিজেদের মোবাইলে রেকর্ড করতে শুরু করেন। তেমনই একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ঘটনাটি সামনে এসেছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে, গণপ্রহারকারীদের পুলিশ তেমন একটা বাধা দেওয়ার চেষ্টা করেনি। অন্তত আধ ঘণ্টা ধরে প্রবল মারধরের পর এক মহিলা প্রায় অচেতন হয়ে পড়ে যান। তারপর মার থামে।
এরপর পুলিশ ওই দুই মহিলাকে নিয়ে স্টেশন থেকে চলে যায়। তাদের কাছ থেকে ৩০ কিলোগ্রাম মাংস উদ্ধার করে পুলিশ। কিন্তু সেই মাংস পরীক্ষা করে দেখা গিয়েছে, তা গরুর মাংস নয়, মহিষের মাংস। মধ্যপ্রদেশে মহিষের মাংস খাওয়া বা বিক্রি করা নিষিদ্ধ নয়। তা সত্ত্বেও ওই দুই মহিলাকে কিন্তু মুক্তি দেওয়া হয়নি। প্রশাসনিক অনুমতি ছাড়াই মাংসের ব্যবসা করার অভিযোগে তাদের গ্রেফতার করেছে পুলিশ।